ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক ম্যাচ জিতেই গ্রামীণফোণ ফেডারেশন কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উঠে গেছে রহমতগঞ্জ।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহষ্পতিবার বাছাই পর্বের খেলায় তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। এ খেলায় হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল চট্টগ্রাম আবাহনী। প্রথম খেলায় তারা জিতেছিল বাংলাদেশ পুলিশের বিপক্ষে।
নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে অমীমাংসিত ছিল।
শুরুটা ভালো করেছিল রহমতগঞ্জ। প্রথমার্ধের ১৩ মিনিটে সোহেলের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু প্রথমার্ধেই সমতা ফেরায় চট্টগ্রাম আবাহনী। ৩৯ মিনিটে গোল শোধ করেন সিদ্দিক।
খেলার ৫৭ মিনিটে বদলি খেলোয়াড় আরাফাতের গোলে চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় ২-১ গোলে। কিন্তু এই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা।
৭৯ মিনিটে জুয়েলের গোলে সমতা ফেরায় রহমতগঞ্জ (২-২)।
পরে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। তাতে জয়ের হাসি হাসে রহমতগঞ্জই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৩৫ ঘ.
bdnews24