ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হলো দিল্লি কমনওয়েলথ গেমসের। শুরুর আগে নানা বিতর্ক আর অঘটনের পরও শেষ পর্যন্ত সফল পরিসমাপ্তি ঘটেছে ১১দিনের এই মিলনমেলার।
গেমসে এবারও ছিল অস্ট্রেলিয়ার আধিপত্য। ৭৪টি সোনাসহ মোট ১৭৭টি পদক জিতেছে তারা।
ঘরের মাঠের সুযোগকে কাজে লাগিয়ে এবারের গেমসে ইংল্যান্ডকে টপকে দ্বিতীয় হয়েছে ভারত। তাদের সোনার সংখ্যা ৩৮। ইংল্যান্ডের চেয়ে একটি বেশি।
শেষ দিন মহিলাদের ব্যাডমিন্টনের এককে ভারতের সাইনা নেহাল সোনা জিতে তার দেশকে তুলে আনেন দ্বিতীয় স্থানে। ভারত ২৭টি রুপা এবং ৩৬টি ব্রোঞ্জসহ ১০১টি পদক পেয়েছে।
তৃতীয় ইংল্যান্ডের সোনার সংখ্যা ৩৭। তবে তারা মোট পদক পেয়েছে ১৪২টি। এর মধ্যে রুপা রয়েছে ৫৯টি ও ব্রোঞ্জ ৪৬টি।
কানাডা ২৬টি সোনা, ১৭টি রুপা এবং ৩২টি ব্রোঞ্জ জিতে রয়েছে চার নম্বরে।
বাংলাদেশের জিতেছে মাত্র একটি ব্রোঞ্জ। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের দলীয় ইভেন্টে এই পদক জেতেন আসিফ হোসেন খান এবং আবদুল্লাহ হেল বাকি।
শেষ দিন কেনিয়া পুরুষ ও মহিলাদের ম্যারাথনে সোনা জিতেছে। পুরুষদের ম্যারাথনে সোনা জেতেন কেনিয়ার জন কেলাই এবং মহিলাদের বিভাগে সোনা জেতেন ইরেনে জেরোটিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৩১ ঘ.
bdnews24