ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক গোল্ডেন বল পুরস্কার বিজয়ী জুভেন্টাসের সাবেক খেলোয়াড় পাভেল নেদভেদ ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য হতে যাচ্ছেন।
অ্যাগনেলি পরিবারের হোল্ডিং কম্পানি 'এক্সর' এর পক্ষ থেকে মঙ্গলবার তাকে এ প্রস্তাব দেয়া হয়েছে। জুভেন্টাসের শতকরা ৬০ ভাগ শেয়ারের মালিক 'এক্সর'।
২৭ অক্টোবর পরিচালনা পরিষদের বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হবে বলে আশা করা হচ্ছে।
এক্সর এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবের প্রধান আন্দ্রে অ্যাগনেলি পরিলাচনা পরিষদের সদস্য সংখ্যা বাড়াতে চান। বর্তমান সদস্য সংখ্যা সাত। নেদভেদ অ্যাগনেলির বন্ধু।
৩৮ বছর বয়সী নেদভেদ ক্লাবের পক্ষে দু'বার সেরি 'আ' ও একবার সেরি 'বি'র শিরোপা জয়ে অবদান রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১২৬ ঘ.
bdnews24