ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের ডার্বিতে সোমবার রাতে প্রীতি ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ফলে নতুন কোচ মানো মেনেজেসের প্রশিক্ষণে টানা তিন খেলাতেই জিতল ব্রাজিল।
বিশ্বকাপে ব্যর্থতার পর মেনেজেসের প্রশিক্ষণ ও কৌশলে বদলে গেছে ব্রাজিল। তারুণ দলটি আগের তারকাখচিত দলকে ম্লান করে সামনে এগিয়ে যাচ্ছে দ্রুতলয়ে।
এর আগে ব্রাজিল ২-০ গোলে যুক্তরাষ্ট্রকে এবং ৩-০ গোলে হারায় ইরানকে।
শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে যথাসাধ্য লড়লেও শেষ পর্যন্ত কুলিয়ে উঠতে পারেনি ইউক্রেন। খেলার ২৩ মিনিটে প্রথম সহজ সুযোগটি পেয়েছিল ব্রাজিল। কর্নার শট থেকে ভেসে আসা বলে মাথা গিয়ে গোল করার চেষ্টা করেন থিয়াগো সিলভা। কিন্তু রক্ষণভাগের খেলোয়ার ডেভিড লুই বল বারের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন।
এক মিনিট পরই অবশ্য এগিয়ে যায় ব্রাজিল। রবিনহোর কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে তীব্র শট নেন ড্যানিয়েল আলভেজ। কিন্তু প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে গতি পরিবর্তন করে বল আশ্রয় নেয় জালে। বিরতির ঠিক আগে গোলের আরেকটি সুযোগ নষ্ট করেন পাতো।
দ্বিতীয়ার্ধে ইউক্রেন ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি। বরং ৬৪ মিনিটে আরো একটি গোল খায়। ডানপ্রান্ত থেকে কার্লোস এডোয়ার্ডো নিচু করে আড়াআড়িভাবে বল ঠেলে দেন। সেই বল ধরে গোল করেন পাতো। খেলা শেষ হওয়ার ঠিক আগে নিলমার আরো একটি সহজ সুযোগ নষ্ট করলে দুই গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে।
খেলা শেষে মেনেজেস বলেন, তিনি আরেকটু কঠিন প্রতিদ্বন্দ্বিতাই আশা করেছিলেন। তবে তার তরুণ দলের চমৎকার খেলাই তা হতে দেয়নি বলে মনে করেন তিনি। মেনেজেস বলেছেন, "দল ধীরে ধীরে ভালো খেলছে। তবে আমাদের আরো ভালো খেলতে হবে। তাই বিভিন্ন দলের বিপক্ষে আমরা খেলতে চাই।"
মেনেজেসের আসল লক্ষ্য ২০১৪ সালের বিশ্বকাপ, হবে তারই দেশে। ব্রাজিল পরের প্রীতি ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। খেলা হবে কাতারের রাজধানী দোহায়, ১৭ নভেম্বর।
ওই খেলা প্রসঙ্গে কোচ বলছেন, "আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি। তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি অবশ্যই কঠিন হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/টিআর/১৯০৬ ঘ.
bdnews24