ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই বদলি খেলোয়াড় লোই রেমি এবং ইয়োহান গোরকাফই বাঁচিয়ে দিলেন ফ্রান্সকে। শনিবার প্যারিসে ইউরো ২০১২ এর বাছাই পর্বে তাদের দুই গোলেই ফ্রান্স হারায় রুমানিয়াকে।
একই দিন ক্রোয়েশিয়া ২-১ গোলে হারায় ইসরাইলকে।
মার্সেইয়ের আক্রমণভাগের খেলোয়াড় রেমি খেলার ৮৩ মিনিটে প্রথম গোল করেন। তারপর অতিরিক্ত সময়ে গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন গোরকাফ। দুই খেলায় ফ্রান্স পুরো ছয় পয়েন্ট পেল।
খেলা শেষে কোচ লরা ব্ল্যাঁ বলেন, "আমরা আমাদের কঠিন পরিশ্রমের ফল পেতে শুরু করেছি। নতুন খেলোয়াড়রা খুব দ্রুত নিজেদের দলে মানিয়ে নিচ্ছে। তবে এখনো ইউরোর চূড়ান্ত পর্বে যেতে হলে অনেক পথ পেরোতে হবে।"
ইউরোর চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হলে কোচ ব্ল্যাঁ পদত্যাগ করবেন বলে আগেই জানিয়ে রেখেছেন।
প্যারিসের স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে অক্টোবর ২০০৯ এর পর এটাই স্বাগতিকদের প্রথম জয়।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলে ব্ল্যাঁ ভালবুয়েনার জায়গায় নামান রেমিকে। আর নাসরির বদলে নামেন গোরকাফ। তাতে খেলার গতি ফ্রান্সের আরো অনুকূলে আসলেও কাজের কাজ গোল হচ্ছিল না। যদিও বেশ কয়েকটি সুযোগ তারা পেয়েছিল।
শেষ পর্যন্ত বহু কাক্সিক্ষত গোলটি এনে দেন রেমি। ৮৩ মিনিটে মিডফিল্ডার আলু দিয়ারার চমৎকার ক্রস ধরে নীচু কোনাকুনি শটে গোল করেন তিনি। তারপর ইনজুরি সময়ে দিমিত্রি পয়েটের পাস থেকে দ্বিতীয় গোল করেন গোরকাফ।
তবে ম্যাচ শেষে রুমানিয়ার কোচ অভিযোগ করে বলেন রেমি অফসাইড থেকে গোল করেছেন। তবে পরে তিনি সেই গোল মেনে নেন। ফলে ফ্রান্স সেরা দল হিসেবেই জিতেছে।
কাল বাছাই পর্বে ফ্রান্স খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে। সেই ম্যাচ জিতলে টানা তৃতীয় জয় নিয়ে 'ডি' গ্র"পে ফ্রান্সের শীর্ষস্থান মজবুত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৮২৯ ঘ.
bdnews24