২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে স্পেন, জার্মানি ও নেদারল্যান্ডস, ড্র ইতালির

বড় কোনো অঘটন শুক্রবার রাতে ইউরো ২০১২ এর বাছাই পর্বে ঘটেনি। জিতেছে বিশ্ব এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন, বিশ্বকাপ রানার্স আপ নেদারল্যান্ডস, জার্মানি এবং পর্তুগাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2010, 12:41 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বড় কোনো অঘটন শুক্রবার রাতে ইউরো ২০১২ এর বাছাই পর্বে ঘটেনি। জিতেছে বিশ্ব এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেন, বিশ্বকাপ রানার্স আপ নেদারল্যান্ডস, জার্মানি এবং পর্তুগাল। তবে হোঁচট খেয়েছে ইতালি। তারা গোলশূন্য ড্র করেছে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে জার্মানি ৩-০ গোলে অনায়াসে হারায় তুরস্ককে খেলার ৪২ মিনিটে জার্মানিকে এগিয়ে নেন মিরোস্ল্যাভ ক্লোসা। টমাস মুলারের শট ক্রসবারে লেগে ফিরে আসলে ফিরতি বলে সহজ গোল করেন ক্লোসা। ৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তুরস্কের বংশোদ্ভূত খেলোয়াড় মেসুত ওজিল। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ক্লোসা। তিন ম্যাচ থেকে জার্মানি পুরো নয় পয়েন্ট ঘরে তুলেছে। স্পেন ৩-১ গোলে হারায় লিথুনিয়াকে। খেলার প্রথমার্ধে বিশ্বচ্যাম্পিয়নরা কোনো গোল পায়নি। বিরতির পরেই প্রথম গোল করেন ফার্নান্দো লোরেন্তে। ৫৬ মিনিটে দ্বিতীয় গোলটিও তার। তবে তার আগে ৫৪ মিনিটে খেলায় সমতা এনেছিল লিথুনিয়া। ৭৯ মিনিটে ডেভিড সিলভা স্পেনের হয়ে তৃতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন। অধিকাংশ সেরা তারকাদের ছাড়াই মলদোভাকে ১-০ গোলে হারায় নেদারল্যান্ডস। ৩৭ মিনিটে গোলটি করেন আক্রমণভাগের খেলোয়াড় ক্লাস ইয়ান হান্টেলার। বাছাইপর্বে হান্টেলারের এটি ষষ্ঠ গোল। একই গ্র"পে হাঙ্গেরি ৮-০ গোলে জেতে সান মারিনোর বিপক্ষে। এবারের বাছাই পর্বে কোনো দলের এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জয়। বাছাই পর্বে বেকায়দায় থাকা পর্তুগাল পথে ফিরেছে ৩-১ গোলে শক্তিশালী ডেনমার্ককে হারিয়ে। খেলার প্রথমার্ধে তিন মিনিটের ব্যবধানে দু'টি গোল করেন ম্যানইউ তারকা ন্যানি। ২৯ এবং ৩১ মিনিটে। ৭৯ মিনিটে পর্তুগালের কারভালহো একটি আত্মঘাতী গোল করলে খেলার ব্যবধান কমে আসে। কিন্তু ৮৫ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে পর্তুগালের জয় নিশ্চিত হয়। নতুন কোচ পাওলো বেন্টোর অধিনে প্রথম ম্যাচেই জিতল পর্তুগাল। বেলফাস্টে অনুষ্ঠিত ওই ম্যাচে ইতালি কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। তবে ইতালির ভঙ্গুর রক্ষণভাগের ভুলে জিততে পারত উত্তর আয়ারল্যান্ডও। কিন্তু গোল করতে ব্যর্থ হন স্টিভেন ডেভিস। ডাবলিনে রাশিয়া ৩-২ গোলে হারায় স্বাগতিক আয়ারল্যান্ডকে। ওদিকে বিশ্বকাপে খেলা স্লোভাকিয়া বিস্ময়করভাবে ৩-১ গোলে হেরে গেছে দুর্বল আর্মেনিয়ার কাছে। একইভাবে মন্টেনেগ্রোর কাছে ১-০ গোলে হেরে যায় সুইজারল্যান্ড। আর সার্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে এস্তোনিয়া। শুক্রবার বাছাই পর্বের অন্যান্য খেলায় অস্ট্রিয়া ৩-০ গোলে আজারবাইজানকে, বেলজিয়াম ২-০ গোলে কাজাখস্তানকে, স্লোভেনিয়া ৫-১ গোলে দুর্বল ফারো দ্বীপপুঞ্জকে, গ্রীস ১-০ গোলে লাটভিয়াকে, বুলগেরিয়া ১-০ গোলে ওয়েলসকে এবং চেক প্রজাতন্ত্র একই ব্যবধানে হারায় স্কটল্যান্ডকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৮৩৪ ঘ.