ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অঘটন ঘটালো জাপান। শুক্রবার সাইতামায় প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে হারায় দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে।
খেলার ১৯ মিনিটে জয়সূচক গোলটি করেন জাপানের আক্রমণভাগের খেলোয়াড় শিনজি ওকাজাকি।
পুরো ম্যাচে আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি দুর্দান্ত খেললেও তাকে যথার্থ সহায়তা দিতে পারেননি বাকিরা। মেসি নিজেও বেশ কয়েকবার গোল করার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু কাজে লাগেনি।
তবে জাপানের দ্রুত গতির খেলা ও পাল্টা আক্রমণের কৌশল বেশ বেকায়দায় ফেলেছিল সার্জিও বাতিস্তার দলকে।
এর আগে আর্জেন্টিনা ও জাপান ছয়বার মুখোমুখি হয়েছিল। ছয়টি খেলাতেই জেতে আর্জেন্টিনা। এই প্রথম প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেল জাপান। সেই সঙ্গে নতুন কোচ আলবার্তো জাকেরানির যাত্রা শুরু হলো জয় দিয়ে।
এদিকে বাতিস্তার আর্জেন্টিনার এটি প্রথম হার। এই ম্যাচের ঠিক আগেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বুয়েনস আয়ার্সে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু জাপানের বিপক্ষে সেই ধার একেবারে দেখা যায়নি।
আক্রমণ ও পাল্টা-আক্রমণের মধ্যে দিয়েই শুরু হয় খেলা। ১৯ মিনিটে এগিয়ে যায় জাপান। দুরন্ত শট নিয়েছিলেন জাপানের বিশ্বকাপ তারকা কেইসুকে হোন্ডা। তবে তা ফিরিয়ে দেন আর্জেন্টিনার গোলরক্ষক। কিন্তু ফিরতি বল চলে যায় ফাঁকায় থাকা ওকাজাকির কাছে। গোল করতে কোনো অসুবিধাই হয়নি তার। সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।
এরপর প্রথমার্ধের বাকি সময় আর্জেন্টিনা গোল শোধের তেমন কোনো সহজ সুযোগ পায়নি। কারণ জাপানের রক্ষণভাগ যেন চিনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল।
দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার খেলায় গোল শোধ করার তেমন একটা তাগিদ চোখে পড়েনি। বরং ভাগ্য ভালো হলে জাপান আরো গোল করতে পারত। শিনজি কাগাওয়া এবং হোন্ডা দু'টি সহজ সুযোগ নষ্ট করেন। হারের পাশাপাশি আর্জেন্টিনার দুই খেলোয়াড় ডিয়েগো মিলিতো এবং এস্তেবান ক্যাম্বিয়াসো চোট পেয়ে মাঠ ছাড়েন।
আর্জেন্টিনা পরের প্রীতি ম্যাচে আরো বড় পরীক্ষার মুখোমুখি হবে। ডিসেম্বরে তারা লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৯৫১ ঘ.
bdnews24