ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - বিশ্বকাপে ব্যর্থতার পর কোচ ও একাধিক খেলোয়াড় বদল করে যেন কক্ষপথে ফিরেছে ব্রাজিল। প্রায় নতুন চেহারার দলটি বৃহস্পতিবার আবুধাবিতে এক প্রীতি ম্যাচে ইরানকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে।
ড্যানিয়েল আলভেজ, আলেকজান্দ্রে পাতো ও নিলমারের গোলে অনায়াস জয় তুলে নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়রা। সংযুক্ত আরব আমিরাতে এটা ছিল ব্রাজিলের দ্বিতীয় প্রীতি ম্যাচ।
নতুন কোচ মানো মেনেজেসের অধীনে দু'টি প্রীতি ম্যাচ খেলে দু'টিতেই জিতল রবিনহো'রা। এর আগে ব্রাজিল ২-০ গোলে হারায় যুক্তরাষ্ট্রকে।
মাঠে উপস্থিত ২০ হাজার দর্শকের সমর্থনের পরও ইরান তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। খেলার ১৪ মিনিটে আলভেজ ফ্রি-কিক থেকে গোলে করে এগিয়ে নেন ব্রাজিলকে। কিন্তু টানা আক্রমণ করে খেলেও প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে একই ধারায় খেলে দু'টি গোল করে ব্রাজিল। ৬৯ মিনিটে বক্সের ভেতর থেকে চমৎকার শটে গোল করেন পাতো। অতিরিক্ত সময়ে (৯০ ) একইভাবে তৃতীয় গোলটি করেন আক্রমণভাগের খেলোয়াড় নিলমার।
ম্যাচ শেষে ব্রাজিলের কোচ বলেন, দল নিয়ে তিনি আরো কিছুদিন পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। তবে তরুণদের খেলায় তিনি সন্তুষ্ট। ব্রাজিল আরো দু'টি প্রীতি ম্যাচ খেলবে ইউক্রেন ও আর্জেন্টিনার সঙ্গে।
মেনেজেস আপাতত কোপা আমেরিকার জন্য দল গঠন করছেন। আগামী বছর আর্জেন্টিনায় হবে দক্ষিণ আমেরিকা ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৮১৩ ঘ.
bdnews24