ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নয়া দিল্লি কমনওয়েলথ গেমেসের প্রথম দিনে পদক তালিকায় শীর্ষ স্থানে ফেভারিট অস্ট্রেলিয়া। চারটি সোনাসহ সোমবার তারা মোট ছয়টি পদক জিতেছে।
প্রথমদিনে ৭টি ইভেন্টে সোনার লড়াই হয়। একটি করে সোনা জেতে কানাডা, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়া।
আসরের প্রথম সোনা জিতেছে নাইজেরিয়া। মেয়েদের ভারোত্তোলনের ৪৮ কেজি ওজন শ্রেণীতে অগুসটিনা এনকিম এনওয়াওকোলো দেশকে এই পদক উপহার দেন। এছাড়া রুপা ও ব্রোঞ্জ, দু'টি পদকই জিতেছে ভারত। এই ইভেন্টে বাংলাদেশের মোল্লা সাবিরা দশজনের মধ্যে নবম হয়েছেন।
পুরুষদের ৪০০ মিটার রিলে সাঁতারে (ফ্রি স্টাইল) অস্ট্রেলিয়া সোনা, ইংল্যান্ড রুপা ও দ.আফ্রিকা ব্রোঞ্জ জিতেছে।
পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে দক্ষিণ আফ্রিকার শাদ গাই ডারট্রান্ড ডি ক্লস সোনা, ইংল্যান্ডের মাইকেল রক রুপা ও কানাডার স্টিফান ম্যাক্স হিরনিক ব্রোঞ্জ পদক জিতেছেন।
পুরুষদের ৪০০ মিটার ফ্রি-স্টাইলে কানাডার রায়ান অ্যান্ড্রু সোনা, অস্ট্রেলিয়ার রায়ান ফ্রান্সিস কেভিন নেপোলিয়ন রুপা ও স্কটল্যান্ডের ডেভিড ক্যারি ব্রোঞ্জ পদক পান।
মহিলাদের ২০০ মিটার ফ্রি-স্টাইলে অস্ট্রেলিয়ার কাইলি পামার সোনা, ওয়েলস'র জ্যাজ ক্যারলিন রুপা জেতেন। ৩৬ বছরের ইতিহাসে মেয়েদের সাঁতারে ওয়েলসের হয়ে এই প্রথম কেউ পদক জিতলেন। এই ইভেন্টে ব্রোঞ্জ পান ইংল্যান্ডের রেবেকা অ্যাডলিংটন।
মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে অস্ট্রেলিয়ার অ্যালিসিয়া জেন সোনা ও একই দেশের এমিলি জেন রুপা জেতেন। কানাডার জুলিয়া রোজ পান ব্রোঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/২১০০ ঘ.
bdnews24