২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের গোল বন্যা, বার্সার ড্র

এ মৌসুমে প্রথমবারের মতো নিজেদের চেনালো রিয়াল মাদ্রিদ। রোববার স্পেনের লা লিগায় হোসে মরিনহোর দল ৬-১ গোলে উড়িয়ে দেয় দেপোর্তিভো লা করুনাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ মৌসুমে প্রথমবারের মতো নিজেদের চেনালো রিয়াল মাদ্রিদ। রোববার স্পেনের লা লিগায় হোসে মরিনহোর দল ৬-১ গোলে উড়িয়ে দেয় দেপোর্তিভো লা করুনাকে। একইদিন হোঁচট খেয়েছে রিয়ালের এক নম্বর প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। রিয়াল মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা হারিয়েছে দুই পয়েন্ট। অন্যান্য খেলায় সেভিয়া ৩-১ গোলে হারায় আতলেটিকো মাদ্রিদকে, ভিলারিয়াল ২-০ গোলে জেতে রেসিং সান্তান্দেরের বিপক্ষে, গেতাফে ৩-১ গোলে হারায় হারকিউলিসকে, আলমেরিয়া-মালাগা ও ওসাসুনা-লেভান্তের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। লিগের প্রথম পাঁচ ম্যাচে মাত্র ছয় গোল করেছিল রিয়াল। কিন্তু নিজেদের মাঠ সেন্ট বার্নাব্যুতে লা করুনার বিপক্ষে রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড়রা তাদের হারানো ছন্দ ফিরে পান। ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসুত ওজিল, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং গঞ্জালো হিগুয়েইন, গোল করেছেন সবাই। খেলার ৪ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। কর্নার শট নিয়েছিলেন ওজিল। মাথা দিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠিয়ে দেন রোনালদো। খেলার ২৪ মিনিটে ওজিল নিজেই বাঁ-পায়ের শটে বল জড়িয়ে দেন জালে। রিয়ালের হয়ে এ মৌসুমে এই জার্মান তারকার এটিই প্রথম গোল। খেলার ৩৪ মিনিটে আড়াআড়িভাবে বল হাওয়ায় ভাসিয়ে দেন হিগুয়েন। তার আর্জেন্টিনার সতীর্থ ডি মারিয়া মাথা দিয়ে বুলেটের গতিতে বল পাঠিয়ে দেন জালে। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় রিয়াল। হিগুয়েইন নিজের প্রথম গোলটি করেন ৫৩ মিনিটে। তার সাত মিনিট পর নিজেদের জালে বল ঢুকিয়ে দেন লা করুনার কাস্ত্রো। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে রোনালদো দলের ষষ্ঠ এবং নিজের দ্বিতীয় গোল করেন। এদিকে নিজেদের মাঠে পেপ গার্দিওয়ালার বার্সেলোনাকে চেনাই যায়নি। চোটের কারণে খেলতে পারেননি জাভি। এছাড়া প্রথম একাদশে কোচ মাঠে নামাননি ডেভিড ভিয়া, মের্গি বাসকুয়েতস এবং কার্লোস পুওলকে। বিশ্রাম দিয়েছিলেন তাদের। এরপরও অবশ্য এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ২১ মিনিটে পেড্রো রড্রিগুয়েজের কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করেন লিওনেল মেসি। কিন্তু সেটি ধরে রাখতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা, যদিও দাপটের সঙ্গে খেলছিল তারা। উল্টো খেলার ধারার বিপরীতে ৪২ মিনিটে খেলায় সমতা ফেরান মায়োর্কার এন'সু। খেলা শেষে হতাশ গার্দিওয়ালা বলেন, এই খেলা থেকে তার দলের পুরো পয়েন্টই পাওয়া উচিত ছিল। সেটি না হওয়ায় দু'টি পয়েন্ট খোয়াতে হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/টিআর/১৯৪৯ ঘ.