২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য উদ্বোধন

জমকালো আয়োজনের চোখ ধাঁধানো প্রদর্শনীতে রোববার নয়া দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে পর্দা উঠেছে ১৯তম কমনওয়েলথ গেমসের। ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল এবং ইংল্যান্ডের যুবরাজ চার্লস যৌথভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 02:45 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমকালো আয়োজনের চোখ ধাঁধানো প্রদর্শনীতে রোববার নয়া দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে পর্দা উঠেছে ১৯তম কমনওয়েলথ গেমসের। ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল এবং ইংল্যান্ডের যুবরাজ চার্লস যৌথভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন। সোমবার থেকে শুরু হবে পদকের লড়াই। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। সন্ধ্যার আকাশজুড়ে আতশবাজির ঝলকানি, ড্রামের উদ্দাম আওয়াজ আর নেহেরু স্টেডিয়ামে ভারতীয় কলাকুশলীদের মনোজ্ঞ নৃত্য-গীত মোহাবিষ্ট করে রেখেছিল স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের। সেই সঙ্গে ছিল প্রযুক্তির সর্বশেষ ব্যবহারও। ফলে কোথাও কোনো ঢিলেঢালা ভাব ছিল না। ভারতীয় সংস্কৃতি আর ঐতিহ্যই তুলে ধরা হয় উদ্বোধনী অনুষ্ঠানে। এরপর শুরু হয় অংশ নেয়া দলগুলোর মার্চ পাস্ট। সবার আগে ছিল অস্ট্রেলিয়া। যারা গত ২০০৬ সালে সর্বশেষ কমনওয়েলথ গেমস আয়োজন করে মেলবোর্নে। এরপর ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে দলগুলো মাঠে প্রবেশ করে। মোট ৭১ টি দেশের প্রায় ৬ হাজার ক্রীড়াবিদ দিল্লি কমনওয়েলথ গেমসে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ১৭ টি ডিসিপ্লিনে। গেমস উপলক্ষে গোটা দিল্লিকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। প্রায় এক লাখ নিরাপত্তা সদস্য গোটা শহরে টহলে ব্যস্ত। গেমসের ভেন্যুগুলোরও একই চিত্র। এবারের গেমসে সবচেয়ে বড় দলটি স্বাগতিক ভারতের। সদস্য সংখ্যা ৬৪০। গেমসের সবচেয়ে ছোট দল দ্বীপ দেশ সেন্ট এলিনার। সদস্য সংখ্যা চার। তবে বরাবরের মতো অস্ট্রেলিয়া এবারও ফেভারিট। গত পাঁচটি গেমসে তারাই ছিল পদক তালিকার শীর্ষে। ২০০৬ সালে জিতেছিল ২২১টি পদক। এর মধ্যে সোনা ছিল ৮৪টি, রুপা ৬৯ এবং ব্রোঞ্জ ৬৮টি। অস্ট্রেলিয়ার ঠিক পেছনেই রয়েছে ইংল্যান্ড। এবার তারা পাঠিয়েছে ৩৫৯ সদস্যের দল। পুরো গেমস আয়োজনে খরচ হচ্ছে ৩৫৮ মিলিয়ন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/২০৩৫ ঘ.