ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে ফের পয়েন্ট হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার সান্ডারল্যান্ডের মাঠে স্বাগতিকদের সঙ্গে গোলশুন্য ড্র করে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল।
স্প্যানিশ প্রিমেরা লিগায় ভ্যালেন্সিয়া গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের হতাশা থেকে ঘুরে দাঁড়িয়েছে। শনিবার প্রিমেরা লীগায় তারা ২-১ গোলে হারায় অ্যাথলেটিকো বিলবাওকে। এ জয়ের ফলে লা লিগায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখল তারা।
ইতালিয়ান সিরি 'এ' তে এসি মিলান ১-০ গোলে হারিয়েছে পার্মাকে। খেলার ২৫ মিনিটে জয়সুচক একমাত্র গোলটি করেন আন্দ্রে পিরলো। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল মিলান।
এদিন প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে এভারটন ২-০ গোলে হারায় বার্মিংহ্যামকে, স্টোক সিটি ১-০ গোলে জেতে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে, টটেনহ্যাম হটস্পার ২-০ গোলে হারায় অ্যাস্টন ভিলাকে, উইগান অ্যাথলেটিকও একই ব্যবধানে জেতে উলভসের বিপক্ষে। ওয়েস্ট ব্রম-বোল্টন ওয়ান্ডারার্স এবং ওয়েস্টহ্যাম-ফুলহ্যাম ম্যাচ দুটি ১-১ গোলে ড্র হয়।
ম্যানচেস্টারের বিপক্ষে রক্ষণ প্রাচীর গড়ে তুলেছিল স্যান্ডারল্যান্ড। সে প্রাচীর ভাঙা সম্ভব হয়নি বার্বাতভ, মাইকেল ওয়েনদের পক্ষে। বরং উল্টোদিকে পাল্টা আক্রমনে গোল খাওয়া থেকে বেঁচে গেছে ম্যানইউ। বাঁচিয়েছেন গোলরক্ষক এডউইন ফন ডার সার।
প্রিমিয়ার লিগে এটি ম্যানইউয়ের চতুর্থ ড্র।
তবে এক পয়েন্ট পেয়েই খুশি ফার্গুসন। বলেন ''সান্ডারল্যান্ডকে কৃতিত্ব দিতেই হবে। কারন ওরা ওদের ছকে খেলে সফল হয়েছে। বিশেষ করে রক্ষণে।''
খেলার ১০ মিনিটে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন আদুরিজ। আর খেলার শেষ মিনিটে দ্বিতীয় গোল করেন ভিসেন্তে রডরিগুয়েজ। ইনজুরি সময়ে বিলবাও একটি গোল শোধ করলেও তখন আর ম্যাচে ফেরার সময় ছিল না। ৬ ম্যাচে ভ্যালেন্সিয়ার পয়েন্ট ১৬।
বৃহস্পতিবার অন্য খেলায় রিয়াল জারাগোজা ২-২ গোলে ড্র করে স্পোর্টিং গিজনের সঙ্গে আর রিয়াল সোসিয়েদাদ ১-০ গোলে হারায় এসপায়োনলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/১৭৫৫ ঘ.
bdnews24