ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলোয়াড় কেনার পেছনে খরচ আপাতত কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার সিটি। এরই মধ্যে যথেষ্ঠ শক্তিশালী দল গঠন করেছে বলে মনে করছে ক্লাবটি।
খেলোয়াড় কেনা-বেচায় বড় ধরনের লোকসানের পর বিশ্বের সবচেয়ে ধনী এই ক্লাবটি শুক্রবার একথা জানায়। ২০০৯-১০ মৌসুমে ক্লাবটির লোকসানের অঙ্ক দাঁড়ায় প্রায় ১২১.৩ মিলিয়ন পাউন্ড।
দু'বছর আগে ক্লাবটি কিনে নেয়ার পর শেখ মনসুর বিন যায়েদ আল- নাহিয়ান তরকা খেলোয়াড়দের দলে টানার জন্য প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন।
ক্লাবের প্রধান নির্বাহী গ্যারি কুক বলেন, "আমি নিশ্চিন্তে বলতে পারি যে আমাদের দল যথেষ্ট শক্তিশালী। তাই নতুন করে আর কোনো খেলোয়াড়কে দলে নেয়ার দরকার হবে না।"
কার্লোস তেভেজ, ইমানুয়েল আদেবায়োর, কোলো তোরে, গ্যারেথ ব্যারি, ইয়াইয়া তোরে, জেমস মিলনার এবং ডেভিড সিলভার মত খেলোয়াড়দের দলে টানার জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০০৬ ঘ.
bdnews24