২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ফুটবলে বাংলাদেশের প্রথম জয়

এসএ গেমসের মেয়েদের ফুটবলে প্রথম জয় পেলো বাংলাদেশ। সেই সঙ্গে আন্তর্জাতিক ম্যাচেও বাংলাদেশের এটি প্রথম জয়। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 02:25 PM

Updated : 24 Aug 2022, 06:30 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএ গেমসের মেয়েদের ফুটবলে প্রথম জয় পেলো বাংলাদেশ। সেই সঙ্গে আন্তর্জাতিক ম্যাচেও বাংলাদেশের এটি প্রথম জয়। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে তারা। গেমসের উদ্বোধনী নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে অপ্রত্যাশিত ভাবে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে দারুণ খেলেছে স্বাগতিকরা। শ্রীলঙ্কার সঙ্গে পাল্লা দিয়ে সপ্তম মিনিটেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। গোল করেন অংম্রাচিং মার্মা। এরপর হাড্ডাহাড্ডি লড়াই জমিয়ে তুলে শ্রীলঙ্কা। সমতা আনারও সুযোগ এসেছিলো লঙ্কানদের সামনে। ৮৭ মিনিটে ইনডাইরেক্ট ফ্রি কিক থেকে বল সরাসরি গোলবারে পৌঁছালে তা অবৈধ ঘোষণা করেন রেফারি। উল্টো খেলার অতিরিক্ত সময়ে আরো একবার গোল হজম করতে হয় সফরকারীদের। ব্যবধান বাড়ান সুইনু প্র" মার্মা। ওদিকে, টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলো ভারত। ওইনাম বেমবেম দেভির তিন গোলের সুবাদে রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারত ৬-০'তে হারিয়েছে পাকিস্তানকে। প্রথম ম্যাচে তারা ৮-১ গোলে হারিয়েছিলো শ্রীলঙ্কাকে। ভারতের আক্রমণের সমনে মলিন ছিলো পাকিস্তানি মেয়েদের পারফরমেন্স। সপ্তম মিনিটেই সুস্মিতা মালিকের গোলে এগিয়ে যায় ভারত। এরপর টানা তিন (১০, ১১ ও ১৭ মিনিট) গোল দিয়ে পাকিস্তানের পরাজয় নিশ্চিত করেন ওইনাম বেমবেম দেভি। প্রথমার্ধে ৫-০ গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পাকিস্তানের মেয়েরা প্রতিরোধ গড়ে তোলেন। ফলে বিরতির পর একটি মাত্র গোল দিতে সক্ষম হয় ভারত। কমলা দেবী গোলটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএইচএস/২০১০ঘ.