মেলবোর্ন, ৩১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনের একবুক আশায় পানি ঢেলে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন এককে শিরোপা জিতে নিলেন র্যাঙ্কিংসেরা ফেদেরার। রড লেভার এরিনাতে হওয়া ফাইনালে বৃটেনের অ্যান্ডি মারেকে ৬-৩, ৬-৪, ৭-৬ (১১) গেমে হারিয়ে বছরের প্রথম গ্রান্ড স্লাম ঘরে তোলেন এ সুইজারল্যান্ড টেনিস তারকা।
২ ঘন্টা ৪১ মিনিটের লড়াইয়ে তৃতীয় সেটটি ছাড়া তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি মারে। এ নিয়ে ক্যারিয়ারে ১৬তম গ্রান্ডস্লাম একক যোগ করলেন ফেদেরার। তার এ জয়ে পুরুষ এককে কোনো গ্রান্ডস্লাম জয়ের ব্যাপারে বৃটেনের দীর্ঘ ৭৪ বছরের প্রতীক্ষা আরো দীর্ঘায়িত হলো।
১৯৩৬ সালে ফ্রেড প্রেই'র পর কোনো বৃটিশ এ পর্যন্ত পুরুষ এককে গ্রান্ড স্লামে শিরোপা পায়নি।
ব্রিটেনের গ্রান্ডস্লাম জয়ের স্বপ্নে প্রতিবারই যেন বাধা হয়ে দাঁড়াচ্ছেন ফেদেরার। এর আগে ২০০৮ এর ইউএস ওপেনের ফাইনালে তার কাছেই হেরেছিলেন মারে।
ফাইনালে হেরে ২২ বছরের মারে বলেন, ' আজ রাতে সে (ফেদেরার) আমার চেয়ে অনেক ভাল খেলেছ। তবে আশা রাখছি একদিন আমি এখানে ফিরে আসবো এবং শিরোপা জিতবো।'
জবাবে ফেদেরার মারেকে সান্ত্বনা জানিয়ে বলেন, ' তুমি হয়তো গ্রান্ড স্লাম জিততে পারোনি। কিন্তু তুমি অনেক ভাল টেনিস খেলোয়াড়। তুমি এটা নিয়ে দুশ্চিন্তা করোনা (গ্রান্ডস্লাম)।'
এবারেরটি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন এককে নিজের চতুর্থ শিরোপা জিতলেন গ্রান্ডস্লামের ব্যক্তিগত রেকর্ড গড়া এ সুইজারল্যান্ড তারকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/ ১৮৫০ ঘ.
bdnews24