ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলোয়াড়দের খেলায় কোচ জোরান জর্জেভিচের খুশি হওয়াই স্বাভাবিক। খেলা শেষে সার্বিয়ার এই কোচের চোখেমুখেও ছিল তৃপ্তির ছাপ। বলেন, নেপালের বিপক্ষে ১২ জনের দল নামিয়েছিলেন তিনি।
প্রকৃতপক্ষে ১১ জন ফুটবলারই মাঠে ছিলেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে দর্শকদের সমর্থনকেই বুঝিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ। জর্জেভিচ বলেন, "আমি ছেলেদের খেলায় সন্তুষ্ট। আমি বলবো দেশের মাঠে ১১ জনের দল নিয়ে খেলেছি। দর্শকরা ছিলেন আমার দলের দ্বাদশ খেলোয়াড়।"
তার মতে, সামর্থ্যরে শেষ বিন্দু দিয়ে খেলেছে বাংলাদেশের ফুটবলাররা, "আমি সব সময় খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা আদায় করে নিতে চেষ্টা করি। আজ (শনিবার) সেটা পেরেছি। ছেলেরা মন-প্রাণ দিয়ে খেলেছে।"
শুরুটা ভালো হলে এগিয়ে যাওয়া সহজ হয়। একাদশ দক্ষিণ এশিয়ান গেমসে দারুণ সূচনা করায় খেলোয়াড়দের আত্মবিশ্বাস তো বেড়েছেই, সেই সঙ্গে কোচ তার অবস্থানও মজবুত করতে পেরেছেন। কোচের মূল্যায়ন, "প্রথম ম্যাচ জেতায় গ্র"প পর্বের বাকি সময়টাও ভালো কাটবে বলেই আমার বিশ্বাস। আশা করছি, পরের ম্যাচগুলো এর চেয়ে ভালো খেলবে ছেলেরা।"
কোচ খুশি হলেও অধিনায়ক কিন্তু সমালোচনাই করেছেন স্বতীর্থদের। তার দৃষ্টিতে নেপালের বিপক্ষে সেরা খেলা খেলতে পারেননি তারা। বলেন, "আমরা জিতেছি, ঠিক আছে। কিন্তু এটা আমাদের স্বাভাবিক খেলা নয়। অনুশীলনে আমাদের খেলায় যে ছন্দ ছিল, মাঠে তেমন খেলতে পারিনি। আশা করছি, পরের ম্যাচগুলোয় স্বাভাবিক খেলা খেলতে পারবো।"
প্রথম ম্যাচে জয় পেলেও তৃপ্তির ঢেকুর তোলেননি গোলরক্ষক আমিনুল হক। কারণ দশম সাফ গেমসে তার দল সেমিফাইনালও খেলতে পারেনি। দলাদলি আর সমন্বয়হীনতার কারণে একের পর এক ম্যাচ হেরে গ্র"প পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এছাড়া গত মাসেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে সমালোচনার মুখে পড়েছিলেন আমিনুলরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৪০ ঘ.
bdnews24