২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ হেরেছে নেপালের কাছে, ভারতের জয়

এসএ গেমসে মেয়েদের ফুটবলে নেপালের বিপক্ষে লড়াই করেও হার মানতে হয়েছে বাংলাদেশকে, ১-০ গোলে। এর আগে উদ্বোধনী ম্যাচে ভারতের গোল বন্যায় ভেসে গেছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 12:09 PM

Updated : 24 Aug 2022, 06:28 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসএ গেমসে মেয়েদের ফুটবলে নেপালের বিপক্ষে লড়াই করেও হার মানতে হয়েছে বাংলাদেশকে, ১-০ গোলে। এর আগে উদ্বোধনী ম্যাচে ভারতের গোল বন্যায় ভেসে গেছে শ্রীলঙ্কা। মইরাংথেমের হ্যাট্রিকে টুর্নামেন্টের 'ফেবারিট' ভারত ৮-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কার মেয়েদের। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জানবাজি রেখে লড়াই করে বাংলাদেশের মেয়েরা। তারপরও পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। খেলার ৭ মিনিটে নেপালের পক্ষে গোল করেন গুরুং। এর আগে সকালে খেলা শুরুর পরই শ্রীলঙ্কার মেয়েদের চেপে ধরে ভারত। ৯ মিনিটে মাইরাংথেম দলকে এগিয়ে নেন। ৪৫ মিনিটে সাসমিতা ব্যবধান বাড়ান। এরই মধ্যে তারা নষ্ট করে কয়েকটি সুযোগ। সেগুলোকে কাজে লাগাতে না পারায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। তবে বিরতির পর ভারতের ফুটবলারদের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার মেয়েরা। একে একে ছয়টি গোল করে ভারত। ৫১ মিনিটে ইউমনাম দলকে আরো একধাপ এগিয়ে নেন। ৫৬ ও ৫৯ মিনিটে পরপর দুই গোল দিয়ে হ্যাট্রিকের স্বাদ নেন মাইরাংথেম। ভারতও এগিয়ে যায় ৫-০ গোলে। এরপর শ্রীলঙ্কাকে হতাশায় ডোবান নায়েবি চানু ও পিঙ্কি বোমপাল। চানু দু'টি ও পিঙ্কি একটি গোল করেন। খেলার শেষ মুহূর্তে শ্রীলঙ্কার পক্ষে ফ্রি-কিক থেকে একমাত্র গোলটি করেন পুষ্প একনায়েকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০০৯ ঘ.