২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ গেমসের মশাল র‌্যালি শুরু

একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের মশাল র‌্যালি শুরু হয়েছে। সাবেক অ্যাথলিট বশির আহমেদের কাছে বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মশাল হস্তান্তরের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের মেঘনা ঘাট থেকে শুরু হয় এই আনুষ্ঠানিক মশাল র‌্যালি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 02:10 PM

Updated : 24 Aug 2022, 06:26 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসের মশাল র‌্যালি শুরু হয়েছে। সাবেক অ্যাথলিট বশির আহমেদের কাছে বৃহস্পতিবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মশাল হস্তান্তরের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের মেঘনা ঘাট থেকে শুরু হয় এই আনুষ্ঠানিক মশাল র‌্যালি। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর রিভারাইন ব্যাটালিয়নের স্পিড বোটে করে নদী থেকে মশাল বহন করে পাওয়ার প্লান্ট চত্বরে আয়োজিত অনুষ্ঠানস্থলে আসেন সাবেক সাঁতারু রফিকুল ইসলাম। দ্বিতীয় এসএ গেমসে সাঁতারে স্বর্ণ জয়ী বিমান বাহিনীর উইং-কমান্ডার রফিকুল ইসলাম মশালটি প্রজ্বলন করে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গেমসের সাংগঠনিক কমিটির সভাপতি আবুল মাল আব্দুল মুহিতের হাতে। ২০০১ সালে রফিকুল ইসলাম জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এরপর অর্থমন্ত্রী গেমসে অংশ নেয়া দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে মশালটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক মহাসচিব প্রখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব বশির আহমেদের কাছে হস্তান্তর করেন। জাতীয় পুরস্কার দিয়ে বশির আহমেদকেও সম্মানিত করা হয়েছিল। সেনাবাহিনীর স্পিড বোটে করে মশালটি বহন করে পোস্তগোলা পর্যন্ত নিয়ে আসেন তিনি। শুক্রবার পর্যায়ক্রমে দেশের ১১ জন বরেণ্য ক্রীড়াবিদ ও একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মশালটি বহন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আনবেন। সব শেষে স্ট্যান্ডে মশালটি প্রজ্বলন করবেন এক সময়ের সাড়া জাগানো ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। মশাল র‌্যালি শুরুর আগে মেঘনা নদীতে নৌকা-বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল ও বিওএ সভাপতি জেনারেল আব্দুল মুবীন ও মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০০৭ ঘ.