মেলবোর্ন, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ান ওপেনে সোমবারের ম্যাচে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে পুরুষ ও মেয়েদের বিভাগের দুই বিশ্বসেরা রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। জয় পেয়েছেন সেরেনার বোন ভেনাস উইলিয়ামসও।
গত আসরের রানার্সআপ ফেদেরার চতুর্থ রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ান তারকা লেইটন হিউইটকে ৬-২, ৬-৩ ও ৬-৪ সেটে হারান। পুরুষ বিভাগের অপর ম্যাচে তৃতীয় র্যাঙ্কিংসেরা সার্বিয়ান তারকা নোভাক দকোভিচও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। দকোভিচ ৬-১, ৬-২ ও ৭-৫ সেটে পোল্যান্ডের অবাছাই খেলোয়াড় লুকাজ কুবটকে পরাজিত করেন।
মেয়েদের বিভাগে গত আসরের চ্যাম্পিয়ন মার্কিন তারকা সেরেনা ও তার বোন ভেনাস চতুর্থ রাউন্ডে সহজেই জয়লাভ করেন। সেরেনা ৬-৪ ও ৬-২ ব্যবধানে মেয়েদের র্যাঙ্কিংয়ের ১৩নং বাছাই অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরকে পরাজিত করেন। আর র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে থাকা ভেনাস উইলিয়ামস ৩-৬, ৬-২ ও ৬-১ ব্যবধানে ১৭নং বাছাই ইতালির ফ্রান্সেসকা শিভোনেকে হারান।
তবে মেয়েদের বিভাগে অঘটন ঘটিয়েছেন চীনের না লী । ১৬ নং বাছাই না লী র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকা ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াক্কিকে ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২৩১০ ঘ.
bdnews24