মেলবোর্ন, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার অস্ট্রেলিয়া ওপেনের চতুর্থ রাউন্ডে পুরুষ ও মেয়েদের বিভাগে একাধিক অঘটনের সৃস্টি হলেও সহজেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।
কোয়ার্টার ফাইনালে আরো জায়গা করে নিয়েছেন মার্কিন তারকা অ্যান্ডি রডিক ও বৃটেনের অ্যান্ডি মারে। তবে চতুর্থ রাউন্ড থেকেই আসর থেকে বিদায় নিতে হয়েছে র্যাঙ্কিংয়ে চতুর্থ সেরা আর্জেন্টিনা তারকা হুয়ান মার্টিন ডেল পোত্রোকে। মেয়েদের বিভাগে নাদিয়া পেত্রোভার কাছে হেরে বিদায় নিয়েছেন র্যাঙ্কিং তৃতীয় সেরা সভেতলানা কুজনেতসোভা।
র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা নাদাল সহজেই ৬-৪, ৪-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে ক্রোয়েশিয়ার ইভো কার্লাভিচকে পরাজিত করেন। সহজ জয় পেয়েছেন র্যাঙ্কিংয়ের ৫ম শীর্ষ তারকা বৃটেনের অ্যান্ডি মারেও। মারে ৭-৬, ৬-৩, ৬-২ ব্যবধানে মার্কিন অবাছাই জন ইসনারকে হারিয়ে দেন। কোয়ার্টারে মারের সঙ্গে দেখা হচ্ছে নাদালের।
পুরুষ বিভাগে চতুর্থ রাউন্ডে ইউএস ওপেন জয়ী আর্জেন্টিনা তারকা হুয়ান মার্টিন ডেল পোত্রো হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন র্যাঙ্কিংয়ের ১৪তম বাছাই ক্রোয়েশিয়ার মারিন কিলিচ। চারঘন্টা ৩৮ মিনিটের লড়াই শেষে ৫-৭, ৬-৪, ৭-৫, ৫-৭ ও ৬-৩ ব্যবধানে জয়লাভ করেন কিলিচ।
এদিকে মার্কিন তারকা অ্যান্ডি রডিককে জয় পেতে অবশ্য একটু বেশীই ঘাম ঝরাতে হয়েছে। ৫ সেটের লড়াইয়ে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৬-৩, ৩-৬, ৪-৬, ৭-৫ ও ৬-২ ব্যবধানে চিলির ফার্নান্দো গঞ্জালেসকে হারান রডিক।
আগের রাউন্ডে ইউএস ওপেনজয়ী কিম ক্লিস্টার্সকে বিদায় করার পর চতুর্থ রাউন্ডে ফ্রেঞ্চ ওপেন জয়ী সভেতলানা কুজনেতসোভাকে ৬-৩, ৩-৬, ৬-১ ব্যবধানে হারিয়েছেন র্যাঙ্কিংয়ের ১৯তম বাছাই রাশিয়ার নাদিয়া পেত্রোভা। এছাড়া কোয়ার্টার নিশ্চিত করেন বেলজিয়াম তারকা জাস্টিন হেনিন ও চীনের জিং ঝেং।
তবে পিঠের চোটের কারণে আসর থেকে বিদায় নিতে হয় র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা রাশিয়ার দিনারা সাফিনাকে। স্বদেশী মারিয়া কিরিলেঙ্কো বিপক্ষে চতুর্থ রাউন্ডের খেলা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন সাফিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/ ২৩০১ ঘ.
bdnews24