২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার জয়ের দিনে রিয়ালের হার

লা লিগার শনিবারের রাতটি দুই শিরোপা প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জন্য ভিন্ন অভিজ্ঞতার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 01:04 PM

Updated : 24 Aug 2022, 06:13 PM

মাদ্রিদ, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) লা লিগার শনিবারের রাতটি দুই শিরোপা প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জন্য ভিন্ন অভিজ্ঞতার। শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হেরে গেছে মধ্যম সারির অ্যাটলেটিকো বিলবাওয়ের সঙ্গে। আর চিরপ্রতিদ্বন্দ্বিদের হারের দিনে বড় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সময়ের সেরা স্ট্রাইকার মেসির জোড়া গোলে বার্সা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সেভিয়াকে। লা লিগার অপর ম্যাচে এস্প্যানোয়লকে ২-০ গোলে হারিয়েছে ওসাসুনা। শনিবার ইতালিয়ান সিরিয়ে আ'র আসরে শীর্ষদল ইন্টারমিলানের কাছ থেকে একপয়েন্ট কেড়ে নিয়েছে নিচু সারির দল বারি। নিজ মাঠের সুবিধা নিয়ে ইন্টারের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট আদায় করে নেয় বারি। আসরের অপর ম্যাচে ক্যাগলিয়ারি ৩-০ গোলে লিভর্নোকে হারায়। এ ড্র সত্ত্বেও নিকটতম প্রতিদ্বন্দ্বি এসি মিলানের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট পাওয়া বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার। অপর দিকে এসি মিলানের সংগ্রহ ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট। নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে মাত্র তিন মিনিটেই ফার্নান্দো লরেন্তেসের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো বিলবাও। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে রিয়ালের রক্ষণভাগ খেলোয়াড় লাসান্না দিয়াররা হেডের সুযোগ তৈরী করে দেন গোলপোস্টের কাছে ওঁতপেতে থাকা প্রতিপক্ষ স্ট্রাইকার লরেন্তেসকে। ম্যাচশেষে সেটিই বিলবাওয়ের জয়সূচক গোলে পরিণত হয়। লিগের অপর ম্যাচে নিজেদের মাঠেই সেভিয়াকে বহু কস্টে বাগে আনে শিরোপার পথে ধেয়ে এগিয়ে চলা বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধ পর্যন্ত প্রতিপক্ষে জালে বল ফেলতে পারেনি একঝাঁক তারকা স্ট্রাইকার নিয়ে গড়া দল বার্সা। কিন্তু প্রথমার্ধে গোল না পাওয়ার খেদেই যেন দ্বিতীয়ার্ধে সেভিয়াকে ক্ষত-বিক্ষত করেন মেসিরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিট) জুলিয়েন এস্কুদেইয়ের গোলে এগিয়ে যান বার্সা। ৭১ মিনিটে ব্যবধান ২- ০ তে নিয়ে যান পেড্রো। আর শেষ মহূর্তে জ্বলে ওঠা মেসি ৬ মিনিটে (৮৪ ও ৯০ মিনিট) দুটি গোল করে সেভিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন। এ জয়ে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগা আসরে যথারীতি শীর্ষে রয়েছে পেপ গুয়ার্দিওলার দল। সমসংখ্যক ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বার্সাকে পিছু ধাওয়া করছে রিয়াল। তাদের চেয়ে একম্যাচ করে কম খেলা ভ্যালেন্সিয়া ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় ও দিপোর্টিভো লা করুনা ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১৮১০ ঘ.