মাদ্রিদ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে সেভিয়াকে ১-০ গোলে হারানোর পরও কিংস কাপ থেকে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। গেল মৌসুমে ৬টি শিরোপা জিতে রেকর্ড করলেও এবার আসরের মাঝ পথ থেকে ছিটকে পড়তে হলো তাদের। সেই সঙ্গে বার্সাকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় সেভিয়া।
নিজেদের মাঠ ও ফিরতি ম্যাচ শেষে বার্সার সঙ্গে ২-২ গোলে সমতায় থাকার সুবাদে এগিয়ে যায় সেভিয়া। প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে যাওয়ায় বড় ব্যবধানে জেতার প্রয়োজন ছিল বার্সেলোনার। কিন্তু বার্সার তারকা ফুটবলার লিওনেল মেসি ও ইব্রাহিমোভিচসহ অন্যরা জ্বলে উঠতে না পারায় বড় জয় পায়নি তাদের দল।
তবে বার্সেলোনার কপালে হারের তিলক আঁকতে দেননি দলের আর্জেন্টিনার স্ট্রাইকার জাভি হার্নান্দেজ। ম্যাচের ৬৪ মিনিটে সেভিয়ার রক্ষণভাগের খেলোয়াড় এনদ্রি রোমারিক বল ক্লিয়ার করতে গেলে তা চলে যায় হার্নান্দেজের কাছে। বুক দিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে বলটি জড়িয়ে দেন সেভিয়ার জালে।
ম্যাচে হয়তো আরো বড় জয় পেতো বার্সা। তবে সেভিয়ার গোলরক্ষক আন্দ্রেস প্যালোপের জন্য তা হয়নি। বিশেষ করে, মেসির একটি চমৎকার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন প্যালোপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস
bdnews24