ব্রিসবেন, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেনিস কোর্ট আবার সরগরম। আড়াই বছর পর টেনিসে ফিরেই ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে উঠেছেন মেয়েদের টেনিসের সাবেক বিশ্বসেরা জাস্টিন হেনিন। ফলে ফাইনালটা হতে চলেছে দুই বেলজিয়ানের লড়াই। কেননা, হেনিনের পর জার্মানির আন্দ্রেয়া পেতকোভিচকে হারিয়ে কিম ক্লাইস্টার্সও উঠেছেন ফাইনালে। ওদিকে দোহায় তৈরি হচ্ছে ফেদারার-নাদাল দ্বৈরথের মঞ্চ। দুজনই উঠে গেছেন কাতার ওপেনের সেমিফাইনালে।
শৈশবে একসঙ্গে থেকেছেন, একটু বড় হয়ে শুরু করেছেন নিজেদের মধ্যে লড়াই, টেনিসে নাম কামিয়েছেন কাছাকাছি সময়ে, নিয়েছেন অবসর বলতে গেলে একজন আরেকজনকে অনুসরন করেই, টেনিসে ফিরেছেনও আবার প্রায় একই সময়ে। জাস্টিন হেনিন আর কিম ক্লাইস্টার্স শুধু বেলজিয়ান নন, আরো অনেক মিল আছে তাদের মধ্যে। কিন্তু কোর্টে মুখোমুখি হলে সেসব আর মনে থাকে না কারো। তখন তারা একে অন্যের কঠিনতম প্রতিদ্বন্দ্বী। ব্রিসবেনে এটা তাদের ২৩তম দ্বৈরথ। আগের ২২ বারে ১২ বার জিতেছেন হেনিন আর বাকি ১০ বার ক্লাইস্টার্স।
গ্র্যান্ডস্লাম জয়েও হেনিন এগিয়ে। ২০০৮ সালের মে মাসে পারিবারিক কারণে টেনিসকে বিদায় জানানোর আগে ৭টি গ্র্যান্ডস্লাম একক শিরোপা জিতেছিলেন তিনি। তবে মাত্র ৫টি গ্র্যান্ড স্লাম জিতলেও একটা কারণে ফাইনালে আত্মবিশ্বাস ক্লাইস্টার্সেরই হয়তো বেশি থাকবে। কারণ, দু বছরেরও বেশি সময় টেনিসের বাইরে ছিলেন, ওই সময়ে বিয়ে করেছেন, মা হয়েছেন এবং তারপর ফিরেই গতবছর জিতেছেন ইতিহাসের প্রথম মা হিসেবে ইউএস ওপেন শিরোপা!
ওদিকে দোহায় অনুষ্ঠানরত কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন পুরুষদের বিশ্বসেরা রজার ফেদারার। সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম একক শিরোপা জয়ের রেকর্ডধারী এই সুইস আরনেস্ট গুলবিসকে হারিয়েছেন ৬-২, ৪-৬, ৬-৪ গেমে। অন্যদিকে সাবেক বিশ্বসেরা নাদাল জিতেছেন পুরো ম্যাচ না খেলেই। ১-৬, ০-২ গেমে পিছিয়ে থাকার সময়ই চোট পেয়ে কোর্ট ছেড়ে যান বেলজিয়ামের স্টিভ ডারকিস।
এপি অবলম্বনে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২১৩০ ঘ.
bdnews24