ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে এগিয়ে গিয়েও ঢাকা আবাহনীর জয়ের রথ থামাতে পারলো না রহমতগঞ্জ। শেষ পর্যন্ত ৩-১ গোলে রহমতগঞ্জকে হারিয়ে লিগে টানা সপ্তম জয় তুলে নেয় তারা।
ম্যাচের শুরুতেই পয়েন্ট তালিকার শীর্ষ দল আবাহনীকে গোল হজম করতে হয়। ৮ মিনিটে সুযোগ পেয়ে আবাহনীর জালে বল জড়িয়ে দেন রহমতগঞ্জের বিদেশি স্ট্রাইকার ফেলিক্স। হোঁচই খেয়েই যেন খেলায় ছন্দ ফিরে পায় আবাহনী।
রহমতগঞ্জের গোল মুখে আক্রমণের পর আক্রমণ চালিয়ে ৩৯ মিনিটে গোল শোধ করেন এনামুল। ৫ মিনিট পরই ইব্রাহিমের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে আবারো এনামুলের গোল। সেই সঙ্গে জয়ও নিশ্চিত হয় আবাহনীর।
সাত ম্যাচে আবাহনীর পয়েন্ট ২১। ১৮ পয়েন্ট নিয়ে ঠিক পেছনে রয়েছে মোহামেডান। তবে একটি ম্যাচ কম খেলেছে সাদা-কালোরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১১৮ ঘ.
bdnews24