নিউইয়র্ক, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌন কেলেঙ্কারির ঘটনা জানাজানি হওয়ার পর টাইগার উডসকে একে একে ছেড়ে যাচ্ছে স্পন্সর কোম্পানিগুলো। এবার সেই তালিকায় যোগ হয়েছে যুক্তরাস্ট্রের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি। উডসের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি বাতিল করারও ঘোষণা দিয়েছে তারা।
গত ২৭ নভেম্বর টাইগার উডসের ফ্লোরিডার বাড়ির বাইরে রহস্যজনক গাড়ি দুর্ঘটনার পর বেশ কয়েকজন মহিলার সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের খবর জানাজানি হয়ে যায়। পরে ১১ ডিসেম্বর উডস ব্যভিচারের কথা স্বীকার করে সুইডিশ স্ত্রী ইলিন নরডেগ্রেনের সঙ্গে বিশ্বাঘাতকতা করার জন্য ক্ষমা চান। তখন থেকেই তার পাশ থেকে দূরে সরে যেতে থাকে স্পন্সর কোম্পানিগুলো।
এটিঅ্যান্ডটি আগেই জানিয়েছিল, উডসের সঙ্গে তারা তাদের চুক্তি খতিয়ে দেখছে। বৃহস্পতিবার সংক্ষিপ্ত এক বিবৃতিতে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে তারা, 'টাইগার উডসের সঙ্গে আমরা আমাদের স্পন্সরশিপ চুক্তি বাতিল করছি।'
যৌন কেলেঙ্কারির ঘটনা প্রকাশিত হওয়ার আগে স্পন্সরশিপ চুক্তি থেকে বছরে আনুমানিক দশ কোটি ডলার আয় করতেন টাইগার উডস। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির দুই অধ্যাপকের হিসেব অনুযায়ী, উডসের কাছ থেকে কোম্পানিগুলো দূরে সরে যাওয়ায় শেয়ার কারবারীদের ৫ শ' কোটি থেকে এক হাজার দু'শ কোটি ডলার ক্ষতি হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১১৩ ঘ.
bdnews24