২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার ড্র করলেও হেরে গেছে লিভারপুল

শুরু হতে না হতেই জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ। লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ইতালিয়ান 'সিরি-আ'র দল ফিওরেন্টিনা। রুবিনের সাথে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। একই দিনে প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা, আর্সেনাল, অলিম্পিক লিঁও এবং সেভিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 01:47 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুরু হতে না হতেই জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ। লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ইতালিয়ান 'সিরি-আ'র দল ফিওরেন্টিনা। রুবিনের সাথে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। একই দিনে প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা, আর্সেনাল, অলিম্পিক লিঁও এবং সেভিয়া। মঙ্গলবার ফিওরেন্টিনা প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে। নিজেদের মাঠে খেলা বলেই হয়তো উজ্জীবিত হয়ে মাঠে নেমে ছিলো তারা। ১৯ বছর বয়সী ফিওরেন্টিনা স্ট্রাইকার স্টেভান জোভেটিচ প্রথমার্ধের ২৮ ও ৩৭ মিনিটে দুই গোল করায় ম্যাচ তাদের নিয়ন্ত্রনে চলে আসে। দ্বিতীয়ার্ধে লিভারপুল খেলার দখল ফিরে পেলেও গোল আদায় করতে পারে নি। ম্যাচ শেষে লিভারপুল কোচ বেনিটেজ স্বীকার করেন তার দল ভালো খেলতে পারে নি, ' আমরা জানতাম যে তারা (ফিওরেন্টিনা) ভালো দল। মাঠে তারই প্রতিফলন ঘটেছে। আমরা বলের দখল রাখতে পারি নি। ' চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বার্সেলোনার সঙ্গে ড্র করেছিল ইন্টার। ড্রয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি তারা দ্বিতীয় ম্যাচেও। এবারের প্রতিপক্ষ ছিলো রুবিন কাজান। ৪-৪-২ ফরমেশনে খেলতে নামা রুবিন পুরো ম্যাচ আধিপত্য বিস্তার করে খেলেছে। ভালো খেলার ফল ১১ মিনিটেই পেয়ে যায় তারা। দুরন্ত গতিতে ব্রাজিলিয়ান লুসিওকে ছিটকে ফেলে বাঁ পায়ের তীব্র শটে দলকে এগিয়ে দেন আলেজান্দ্রা ডমিনগুয়েজ। গোল খেয়েই যেন জেগে ওঠে ইন্টার। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। ২৭ মিনিটে গোল পেয়েও যায় তারা। মেইকনের ক্রস হেড করে জালে জড়িয়ে দেন ডেজান স্টানকোভিচ। প্রথমার্ধের বাকি সময় আক্রমন পাল্টা আক্রমন চললেও গোল আদায় করতে পারে নি কোনো পক্ষই। ৬০ মিনিটের সময় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন ইন্টার স্ট্রাইকার মারিও বালোত্তেলি। তবে ১০ জনের দলের বিপক্ষেও ম্যাচের বাকি সময়ে গোল পায়নি রুবিন। বরং ম্যাচের শেষ মিনিটে ওয়াল্টার স্যামুয়েল সহজ সুযোগ মিস না করলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগের অন্যান্য ম্যাচে আর্সেনাল ২-০ গোলে অলিম্পিয়াকোসকে, বার্সেলোনা একই ব্যবধানে ডায়নামো কিয়েভকে, সেভিয়া ৪-১ গোলে রেঞ্জার্সকে এবং অলিম্পিক লিঁও ৪-০ গোলে ডেব্রেসেনকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/১৯৪৮ ঘ.