ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)'র সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে ঢাকা প্যান প্যাসিফিক সোনাগাঁও হোটেল। মঙ্গলবার দু পক্ষের মধ্যে এ নিয়ে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর হয়।
চক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আতিথেয়তা (হসপিট্যালিটি) র সুবিধা দেবে হোটেল সোনারগাঁও। অনুষ্ঠানে জানানো হয়, দু বছরে ৬৬০টি কক্ষ ৬৬০ রাতের জন্য বিনামূল্যে দেয়া হবে বিসিবিকে। এ সময়ে বিসিবির প্রয়োজন হবে প্রায় ৬ হাজার ৫০০ কক্ষ।
জুনিয়র এবং বয়সভিত্তিক দলগুলোর জন্য বিশেষ ছাড় দেয়া হবে বলেও জানান সোনারগাঁও-এর কর্মকর্তারা। বিসিবির বিদেশী অতিথিদের জন্য বিনামূল্যে কক্ষ বরাদ্দ করা হবে ৫০টি।
এছাড়া বিনা মূল্যে হোটেল জিমনেসিয়াম এবং সুইমিং পুল ব্যবহারেরও সুযোগ থাকছে। বিভিন্ন প্রয়োজনে প্রতি সভা, সম্মেলনে ৩০০ লোকের আতিথেয়তা পাবে বিসিবি। এসব সুবিধা ছাড়াও হোটেল সোনারগাঁও-এর কাছ থেকে সম্মানি হিসেবে চার হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পাবে এই দু বছর।
চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির মার্কেটিং কমিটির প্রধান আজিজ আল কায়সার টিটো, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার এলড্রিগ ম্যাক ইওয়ান এবং বিপণন পরিচালক সামি সাসাকি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ১৯৫০ ঘ.
bdnews24