ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৭ মৌসুমে গোল করে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে অবনমন থেকে বাঁচিয়েছিলেন। সোমবার সেই দলের বিপক্ষেই ম্যানচেস্টার ইউনাইটেডকে জেতালেন আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ। তার জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
ম্যান সিটি লিগ শুরু করেছিল দুর্দান্তভাবে। প্রথম চার ম্যাচের প্রতিটিতে জয় তুলে নিয়ে লিগ তালিকার শীর্ষে চলে গিয়েছিল। কিন্তু ডার্বি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে শেষ মিনিটে গোল খেয়ে হেরে যায় তারা।
ওয়েস্ট হ্যামকে হারিয়ে আবারো জয়ের ধারায় ফিরল ম্যান সিটি। নিজেদের মাঠে খেলার পুরোটা সময় রাজত্ব করেছে তারা। ৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তেভেজ। ১৫ মিনিটের মধ্যে হ্যাট্রিকও পেয়ে যেতে পারতেন। কিন্তু সহজ দু'টি সুযোগ নষ্ট করেন এই আর্জেন্টাইন। ২৪ মিনিটের সময় গোল করে গ্যালারীভর্র্তি ম্যান সিটি সমর্থককে চুপ করিয়ে দেন ওয়েস্ট হ্যাম স্ট্রাইকার কার্লটন কোল। কিন্তু ৭ মিনিটের বেশি সমতা ধরে রাখতে পারেনি তার দল। বুলগেরিয়ান মার্টিন পেত্রোভের দুর্দান্ত ফ্রি-কিক আবারও এগিয়ে দেয় ম্যান সিটিকে। ২-১ গোলেই শেষ হয় প্রথমার্ধ। ৬১ মিনিটে ক্রেইগ বেলামির ফ্রি-কিক হেড করে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন তেভেজ।
এই ম্যাচেই ম্যান সিটির পক্ষে অভিষেক হয়েছে ১৭.৫ মিলিয়ন পাউন্ড মূল্যের স্ট্রাইকার রক সান্তা ক্রুজের। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে তাকে মাঠে নামান কোচ মার্ক হিউজ। তবে গোলের সহজ একটা সুযোগ নষ্ট করে অভিষেক ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে ব্যর্থ হন তিনি।
৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পঞ্চম স্থানে আছে ম্যান সিটি। যদিও শীর্ষ চার দলের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/১৮৪৫ ঘ.
bdnews24