ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোট প্রতিযোগী ৯৬ জন। ছেলে ৭৭ আর মেয়ে ১৯ জন। ছেলে-মেয়ের আনুপাতই বলে দেয় ব্যাডমিন্টনে মেয়েদের আগ্রহ খুব একটা বাড়েনি। জুনিয়র ও সাব-জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতার আকর্ষণও হতে যাচ্ছে তাই একমুখি। বিষয়টি অনুধাবন করেই ব্যাডমিন্টনকে জনপ্রিয় করতে ঢাকার বাইরে খেলা আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান রানা। কিন্তু অন্য কথা বলছেন সহ-সভাপতি শিবলী রোবাইতুল ইসলাম, ভেন্যু না পাওয়ায় বাধ্য হয়েই জুনিয়র ও সাব-জুনিয়র ব্যাডমিন্টন ঢাকার বাইরে আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
আগামী ২ থেকে ৬ অক্টোবর পাবনা জেলা ক্রীড়া সংস্থার ইনডোর জিমনেসিয়ামে হবে কুল জুনিয়র ও সাব-জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতা। মোট ২০টি দল আংশ নেবে এ আসরে। ঢাকার বাইরে হলেও টুর্নামেন্টের ব্যয় খুব একটা বড়েনি। মোট খরচ ধরা হয়েছে পাঁচ লাখ টাকা। স্পন্সর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর কাছ থেকে পাওয়া যাবে সাড়ে তিন লাখ, বাকি টাকা ফেডারেশনের তহবিল থেকেই ব্যয় করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি শিবলী রুবাইতুল ইসলাম, সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান রানা, স্কয়ার ট্রয়লেট্রিজ লিমিটেড-এর প্রধান মার্কেটিং কর্মকর্তা মোঃ সাইদ এবং পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফি ম সামসূল আরেফিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯২১ ঘ.
bdnews24