ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর সুইমিং কমপ্লেক্সের সংস্কার কাজ চলায় সেনাবাহিনীর পুলেই প্রায় দুই মাস প্রশিক্ষণ হয়েছে জাতীয় সাঁতার দলের। এ সময় নানা বিষয় নিয়ে সাঁতার ফেডারেশনের কর্মকর্তা এবং সেনাবাহিনীর সাঁতার কর্মকর্তাদের মধ্যে টানাপোড়েন চলে। পর্যাপ্ত অনুশীলনের সময় পাওয়া যেত না বলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে একাধিকবার লিখিত অভিযোগও করা হয় ফেডারেশনের পক্ষ থেকে।
তাতেও অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় অসন্তোষ বাড়তে থাকে। এ সময়ে জাতীয় দলের আট সেনা সাঁতারুকে তাদের নিজস্ব ক্যাম্পে সরিয়ে নেয়া হয় বলে সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। ঈদের ছুটির পর, শুক্রবার তারা অনুশীলনেও যোগ দেননি বলে জানান তিনি।
"আর্মি সুইমিং পুলে আর যাচ্ছি না বলেই হয়তো তাদের আট সাঁতারুকে অনুশীলনে পাঠায়নি। আমরা বিওএ'কে বিষয়টি লিখিতভাবে জানাবো।" বলেছেন সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও ক্যাম্প কমান্ডার গোলাম মোস্তফা।
এদিকে বিওএ মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ বলেন,"জাতীয় দলের জন্য নির্বাচিত সেনাবাহিনীর আট সাঁতারু যেখানেই থাকুন না কেন প্রশিক্ষণে আসতেই হবে তাদের। জাতীয় দলের সূচি মেনেই তাদেরকে চলতে হবে।"
সংস্কার কাজ শেষ হওয়ায় রোববার মিরপুর সুইমিং পুলের পানি তোলা হবে। অনুশীলনের জন্য আর কোথাও যেতে হবে না জাতীয় দলের সাঁতারুদের। শনিবারই পুলে সাঁতারুরা পুলে নামবে বলে জানিয়েছে ফেডাশেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২১১৫ ঘ.
bdnews24