২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন বক্সার নাদিম

বক্সার নাদিম হোসেন ইতালিতে পালিয়েছেন -- কয়েক দিন আগে এমন একটা খবর এসেছিল দেশের গণমাধ্যমে। ফেডারেশনের কর্মকর্তারাও ভীষণ চটেছিলেন জাতীয় এই বক্সারের লাপাত্তা হওয়ার খবর শুনে। কিন্তু তিনি যে পালাননি তা প্রমাণ করেছেন দেশে ফিরে। ঈদের আগের দিন ২০ সেপ্টেম্বর সকালে ঢাকা পৌঁছান ল্যান্সকর্পোরাল নাদিম হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বক্সার নাদিম হোসেন ইতালিতে পালিয়েছেন -- কয়েক দিন আগে এমন একটা খবর এসেছিল দেশের গণমাধ্যমে। ফেডারেশনের কর্মকর্তারাও ভীষণ চটেছিলেন জাতীয় এই বক্সারের লাপাত্তা হওয়ার খবর শুনে। কিন্তু তিনি যে পালাননি তা প্রমাণ করেছেন দেশে ফিরে। ঈদের আগের দিন ২০ সেপ্টেম্বর সকালে ঢাকা পৌঁছান ল্যান্সকর্পোরাল নাদিম হোসেন। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাতীয় দলের এই বক্সার বলেন, পালানোর উদ্দেশ্য নিয়ে তিনি ইতালি যাননি। মিলানে বিশ্ব বক্সিং চলাকালে ঘুরতে বেরিয়ে হারিয়ে গিয়েছিলেন। তাই স্বতীর্থ আব্দুর রহিমের সঙ্গে দেশে ফেরা সম্ভব হয়নি। "আমি কেন পালাবো? বিশ্ব বক্সিংয়ে অংশ নিয়ে দেশের জন্য খেলেছি। মিলান থেকে ভুল ট্রেনে রোমে চলে যাই। তাই ফিরতে দেরি হয়েছে।" বলেছেন নাদিম হোসেন। সহকর্মী আব্দুর রহিমের সঙ্গে ১২ সেপ্টেম্বর বিকেলে মিলানের বিশ্ব বক্সিংয়ের ফাইনাল খেলা দেখার কথা ছিল নাদিমের। আব্দুর রহিম স্টেডিয়ামে গেলেও নাদিম বেড়াতে বের হন। খেলা শেষে রহিম হোটেলে ফিরে নাদিমকে আর খুঁজে পাননি। দু'জনের কারো কাছেই সেল ফোন না থাকায় একে অন্যের খোঁজ নিতে পারেননি। রাত শেষে ভোর হলেও নাদিমের ফেরার নাম নেই। নাদিম ততক্ষণে পৌঁছে যান ইতালির রাজধানী রোমে। ১৩ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী ফজলের সঙ্গে নাদিমের পরিচয় হয় রোম রেল স্টেশনে। তার সহযোগিতায় দেশে কর্মস্থল সেনা ইউনিটে মেজর ইমারত হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। মেজর ইমারতের মাধ্যমেই ফিরতি টিকিটের নম্বর সংগ্রহ করে ফিরে আসেন নাদিম। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাদিম বলেন,"রোমে বসেই খবর পাই দেশে আমাকে নিয়ে হইচই হচ্ছে, আমি নাকি পালিয়েছি। এ সব শুনে খুব খারাপ লেগেছে।" উন্নত প্রশিক্ষণের জন্য জাতীয় দলের দুই বক্সার নাদিম হোসেন ও আব্দুর রহিমকে গত ১০ আগস্ট মিলানে পাঠায় বাংলাদেশ বক্সিং ফেডারেশন। প্রায় এক মাসের প্রশিক্ষণ শেষে বিশ্ব বক্সিংয়ে অংশ গ্রহণ করেন দু'জনই। তাদের ভিসার মেয়াদ ছিল ৪০ দিন। মেয়াদ পূর্তির শেষ দিন ঢাকায় পৌঁছান সেনাবাহিনীর এই বক্সার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২০৪৫ ঘ.