২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জাস্টিন হেনাও ফিরছেন টেনিসে

অবসর ভেঙ্গে টেনিস কোর্টে ফিরে কদিন আগেই বাজিমাত করেছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। মেয়েদের টেনিসের সাবেক এই বিশ্বসেরা ইউএস ওপেন জিতে তাক লাগানোর পরপরই আরেক বেলজিয়ান সাবেক বিশ্বসেরা জাস্টিন হেনাও অনুসরণ করতে চলেছেন তাঁকে। হেনা জানিয়েছেন, পারিবারিক কারণে প্রায় দু' বছর আগে অবসর নিলেও শিগগিরই টেনিসে ফিরছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 01:52 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ব্রাসেলস, সেপ্টেম্বর ২৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবসর ভেঙ্গে টেনিস কোর্টে ফিরে কদিন আগেই বাজিমাত করেছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। মেয়েদের টেনিসের সাবেক এই বিশ্বসেরা ইউএস ওপেন জিতে তাক লাগানোর পরপরই আরেক বেলজিয়ান সাবেক বিশ্বসেরা জাস্টিন হেনাও অনুসরণ করতে চলেছেন তাঁকে। হেনা জানিয়েছেন, পারিবারিক কারণে প্রায় দু' বছর আগে অবসর নিলেও শিগগিরই টেনিসে ফিরছেন তিনি। মঙ্গলবার বেলজিয়ামের এক টেলিভিশন চ্যানেলকে হেনা জানান ফিরে আসার ঘোষণাটা আকস্মিক শোনালেও এর প্রস্তুতি চলছিল বেশ কিছুদিন ধরেই," গত ১৫ মাস ধরে আমি শারীরিক, মানসিক এবং আবেগের দিক থেকে নিজেকে প্রস্তুত করেছি। তাই আমার মনে হয়, টেনিসে ফেরাটা হবে দারুণ এক সিদ্ধান্ত।" তিনি আরো জানান, আপাতত তাঁর ইচ্ছে আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে নতুন করে টেনিস ক্যারিয়ার শুরু করা, সেটা সম্ভব না হলেও ২০১০ সালের মধ্যে ফিরবেনই। গত বছরের মে-তে ৯ বছরের পেশাদার টেনিস ক্যারিয়ারে ইতি টেনেছিলেন হেনা। ৭টি গ্র্যান্ডস্লাম এককসহ মোট ৪১ টি শিরোপা জিতে তখনো তিনি মেয়েদের র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরা। তা দু বছর আগে যে সিংহাসন ছেড়ে এসেছিলেন, ২৭ বছর বয়সে নতুন করে লড়াই শুরু করে পারবেন কি আবার সে উচ্চতায় উঠতে? কদিন আগে ২৬ বছর বয়সে অবসর কাটিয়ে ফিরে ক্লাইস্টার্স যদি ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম একক জিততে পারেন, তাহলে হেনা পারবেন না কেন? অতীত সাফল্যে তো ক্লাইস্টার্সের চেয়ে হেনা অনেক এগিয়ে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯৪৭ ঘ.