মাদ্রিদ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ আরও দু বছর বাড়িয়েছেন আর্জেন্টাইন প্লে-মেকার লায়োনেল মেসি। চুক্তির এ মেয়াদ অবশ্য আগামী ২০১৬ সাল পর্যন্ত বাড়ারও সুযোগ রয়েছে।
শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে চুক্তির কথা বলা হলেও এর ফলে মেসির বার্ষিক আয় কত হচ্ছে তা জানানো হয়নি। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নতুন চুক্তিতে বার্সায় প্রতি মওসুমে খেলে কর দেওয়ার পরও মেসি আয় থাকবে ১ কোটি ৫ লাখ ইউরো।
বার্সেলোনার ওয়েবসাইটে বলা হয়, মেসির সঙ্গে নতুন চুক্তিতে আর্থিক শর্ত ২৫ কোটি ইউরোয় উন্নীত করা হয়েছে।
অর্থাৎ অন্য কোনও ক্লাব মেসিকে কিনতে চাইলে এ পরিমাণ অর্থ বার্সেলোনাকে দিতে হবে।
এদিকে আর্জেন্টিনা ও বার্সেলোনার নির্ভরযোগ্য ফরোয়ার্ড মেসি'র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায় বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা স্বাভাবিক কারণেই খুশি, কথা প্রসঙ্গে জানালেন, নতুন চুক্তি মেসিকে ক্লাবের শীর্ষ বেতনভুক্ত খেলোয়াড়ে পরিণত করবে।
চলতি বছরের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ২২ বছর বয়সি এ খেলোয়াড়।
এক সংবাদ সম্মেলনে বার্সা কোচ পেপ গার্দিওলা বলেন, "এটা ক্লাব এবং মেসির জন্য দারুণ এক খবর যে তারা চুক্তি নবায়ন করতে পারে।"
"দর্শক আসলে মাঠে যায় ভালো খেলা দেখতে। আর বার্সারও মেসির মতো বেশ কিছু বিশ্বসেরা ফুটবলার আছে। যারা বেশ ভালো সুযোগ-সুবিধা পাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমআই/এসি/১৯৪৭ ঘ.
bdnews24