২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকেই এবারের বিশ্বসেরা মানছেন পেলে

এবার যদি আর্জেন্টিনা বিশ্বকাপ চূড়ান্ত পর্বে না ওঠে, কী হবে তাহলে? প্রথমত নিখাদ ফুটবলামোদীরা ভালো ফুটবল মিস করবেন অবশ্যই, দ্বিতীয়ত, লিওনেল মেসির খেলা দেখা হবেনা। এতদিন নানাজনের মুখেই শোনা গেছে, এবার অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলার পেলেও বললেন একই কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

রিও ডি জেনিরো, সেপ্টেম্বর ১৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- এবার যদি আর্জেন্টিনা বিশ্বকাপ চূড়ান্ত পর্বে না ওঠে, কী হবে তাহলে? প্রথমত নিখাদ ফুটবলামোদীরা ভালো ফুটবল মিস করবেন অবশ্যই, দ্বিতীয়ত, লিওনেল মেসির খেলা দেখা হবেনা। এতদিন নানাজনের মুখেই শোনা গেছে, এবার অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলার পেলেও বললেন একই কথা। এক সাক্ষাৎকারে মেসিকে এ মুহুর্তের বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি দিয়েই ফেলেছেন পেলে। ব্রাজিলের এই জীবন্ত কিংবদন্তির মতে মেসি আর্জেন্টিনা এবং বার্সেলোনার হয়ে যে মাপের ফুটবল খেলছেন তাতে এ বছরের ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়া উচিত তারই। পেলের এক কথা, " রোনালদিনহো, কাকা এবং (ক্রিস্টিয়ানো) রোনালদোর পর এবার অবশ্যই মেসির (বিশ্বসেরা হওয়ার) পালা।" মেসির ধারাবাহিক পারফরম্যান্সের জন্য এমন স্বীকৃতিকে প্রাপ্য মনে করার পাশাপাশি পেলে এ-ও মনে করেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার থাকা উচিত। একেবারে আর্জেন্টাইন ভক্তের মতোই যেন তাঁকে বলতে শোনা গেল, " আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপ কল্পনা করাই কঠিন। কেউ এমনটি চায় না, তবে ফুটবল এমনই খেলা যে তা ঘটে যেতেও পারে। তবে এটা ঠিক, ওরা (আর্জেন্টিনা) যদি (বিশ্বকাপে) না থাকে ফুটবলের জন্য তা ভালো হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/ ২০৪০ ঘ.