ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকার ক্রীড়াঙ্গন। দলবেঁধে ঈদের ছুটিতে যাচ্ছেন খেলোয়াড়রা। শুক্রবার থেকে দক্ষিণ এশিয়ান গেমসের প্রশিক্ষণ ক্যাম্প বন্ধের ঘোষণা দেওয়া হলেও বৃহস্পতিবার সকাল থেকেই খেলোয়াড়রা গ্রামের বাড়ির পথ ধরেছেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ১১দিন ঈদের ছুটি ঘোষণা করলেও অনেক ফেডারেশন তা কমিয়ে এনেছে। সাঁতারুদের ৬ দিনের ছুটি দিতে রাজি হয়েছেন দক্ষিণ কোরীয় কোচ পার্ক তে গুন। খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দিতে হবে ২৪ সেপ্টেম্বর। কোচ বলছেন, "১১দিন ছুটি কাটালে খেলোয়াড়দের শরীরে জড়তা দেখা দেবে। আবার নতুন করে ফর্মে ফেরার লড়াই করতে হবে তখন। তাই ছুটি কমিয়ে দিয়েছি।"
কাবাডি মহিলা দল তো ছুটিই পাচ্ছে না। আঞ্চলিক কাবাডি প্রতিযোগিতায় অংশ নিতে ২২ সেপ্টেম্বর মালয়েশিয়ার উদ্দেশে রওয়ানা হবেন খেলোয়াড়রা। ঢাকার আবাসিক ক্যাম্পেই স্বতীর্থদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। এশিয়ান ইন্ডোর কাবাডিতে অংশ নিতে ২৭ সেপ্টেম্বর ভিয়েতনাম যাবে পুরুষ দল।
ঈদের ছুটি পাচ্ছেন না ভারোত্তলনের পাঁচ খেলোয়াড়। এশিয়ান ক্লাব কাপ ভারোত্তলনে অংশ নিতে ২৭ সেপ্টম্বর উজবেকিস্তান যাবেন তারা। ক্যাম্পের বাকি অ্যাথলিটদের ছুটি দেওয়া হয়েছে ৫ দিনের জন্য।
উশু দলের ক্যাম্প বন্ধ রাখা হবে ৩ দিন। তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে যাবেন তাদের জন্য ছুটি কিছুটা শিথিল করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
অ্যাথলেটিক্স ফেডারেশন পুরো ১১দিনই অনুশীলন ক্যাম্প বন্ধ রাখবে বলে জানিয়েছেন কোচ কিতাব আলী। শুটাররা ছুটি ভোগ করবেন সবচেয়ে বেশি ১২দিন। ঈদের ছুটি শেষে ৩০ সেপ্টেম্বর ক্যাম্পে যোগ দেবেন তারা।
ক্রিকেট ছাড়া বাকি ফেডারেশনগুলো অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্ধারিত সূচি মেনেই ছুটি কাটাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৮৫৪ ঘ.
bdnews24