ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝাঁপিয়ে পড়ে রেফারিকে বোকা বানিয়ে পেনাল্টি আদায় করেছিলেন আর্সেনালের এদোয়ার্দো দ্য সিলভা। সে কারণে নিষিদ্ধ হয়েছিলেন দুই ম্যাচের জন্য। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমেই ভিলেনে পরিণত হতে যাচ্ছিলেন। কিন্তু ম্যাচের শেষ দিকে তার গোলে ৩-২ এ হেরে যায় স্টান্ডার্ড লিয়েগে। সেই সঙ্গে ভিলেন নন, এদোয়ার্দো রূপান্তরিত হন নায়কে।
লিগের অন্যান্য ম্যাচে বুধবার ইন্টার মিলানের সঙ্গে ড্র করেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। রাশিয়ান রুবিন কাজানের কাছে ১ গোলে পিছিয়ে পড়েছিল ডায়নামো কিয়েভ। কিন্তু শেষ ১৯ মিনিটে ৩ গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। অ্যানফিল্ডে পাঁচবার ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন লিভারপুল ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিয়ান ডেবরেসেনকে। অলিম্পিয়াকোস পিরাস জিতেছে এজেড আলক্মারের সঙ্গে, ১-০ গোলে। দশজনের ফিওরেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে মাঠ ছেড়েছে অলিম্পিক লিয়ঁ। সেভিয়া ২-০ গোলে হারিয়েছে রোমানিয়ার ইউনিরেয়া উরজিসেনিকে। রেঞ্জার্স ও ভিএফবি স্টুটগার্টের খেলা শেষ হয়েছে ১-১ গোলে।
খেলা শুরুর দুই মিনিটেই গোল খায় আর্সেনালের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ক্রেয়েশিয়ার স্ট্রাইকার এদোয়ার্দোর ভুলে। আর্সেনালের বক্সের ঠিক বাইরে ব্যাকহিল ফ্লিক করেন তিনি। কিন্তু বল পেয়ে যান ইলিয়াকুইম মাঙ্গালা। সঙ্গে সঙ্গে তীব্র শট নেন। আর্সেনালের গোলরক্ষক ভিটো ম্যানোনের চেয়ে দেখা ছাড়া কোনও উপায় ছিল না।
পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিলান জাভোনোভিচ বেলজিয়ামের ক্লাব স্টান্ডার্ডকে ২-০ গোলে এগিয়ে নেন।
প্রথমার্ধেই নিকলাস বেন্ডটনার এক গোল শোধ করেন। সেই সঙ্গে পাল্টে যায় খেলার চিত্র।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে আর্সেনাল। এর ফলও পায় ৭৮ মিনিটে। ফেব্রেগাসের ফ্রি-কিক থেকে বল পেয়ে ভার্মায়েলেন তা ঠেলে দেন পোস্টের দিকে। বল গড়িয়ে গড়িয়ে গোল লাইন পার হয়ে যায় কোন রকমে।
ঠিক তিন মিনিট পর পোস্টের খুব কাছ থেকে এদোয়ার্দোর প্রচণ্ড শট জড়িয়ে যায় জালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৪০ ঘ.
bdnews24