নিউইয়র্ক, সেপ্টেম্বর ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - একেকটি রাউন্ড পার হচ্ছিলেন আর আর্জেন্টাইন হুয়ান দেল পোত্রো বলে বেড়াচ্ছিলেন ইউএস ওপেন জয়ের স্বপ্নের কথা। কিন্তু তখন তার কথা কেউ কানেই তোলেননি। বিশেষ করে, যখন রজার ফেদেরার আর রাফায়েল নাদালের মতো নামিদামি টেনিস তারকারা ছুটছেন সেই একই স্বপ্নের পেছনে।
সেমিফাইনালে রাফায়েল নাদালকে হারানোর পর পোত্রো ইউএস ওপেন জয়ের স্বপ্নের কথা আবারও মনে করিয়ে দিয়েছিলেন। তখনও কেউ ভাবতে পারেননি ৬ ফুট ৬ ইঞ্চি লম্বা সুদর্শন এই আর্জেন্টাইনের পক্ষে স্বপ্ন পূরণ সম্ভব। কারণ ফাইনালে তাকে লড়তে হবে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই সুইস রজার ফেদেরারের সঙ্গে। ইউএস ওপেন জেতেন তিনি পাঁচবার। ছয়বারের মতো ইউএস ওপেন জয়ের স্বপ্ন নিয়ে ফাইনালে উঠেছিলেন এবার। কিন্তু সোমবার সত্যি সত্যিই স্বপ্ন পূরণ করলেন, তবে ফেদারার নয়, পোত্রো।
ইউএস ওপেনে টানা ৪০ ম্যাচ জেতার পর ফেদেরারকে হার মানতে হয়েছে অবশেষে। আর জীবনে প্রথমবারের মতো কোনও গ্র্যান্ড স্লামের শিরোপা জিতে স্বপ্ন পূরণ করেছেন আর্জেন্টাইন হুয়ান দেল পোত্রো। ম্যাচ জিতে নেন ৩-৬, ৭-৬, ৪-৬, ৭-৬, ৬-২ এ ম্যারাথন লড়াইয়ে।
চার ঘণ্টার দুরন্ত লড়াইয়ে ফেদেরারের অসংখ্য ভুল, হক আই বিতর্ক, আম্পায়ারের সঙ্গে তর্ক এবং সর্বোপরি দর্শকদের হাই-ফাইভের এ ম্যাচে দেল পোত্রোর ফোর হ্যান্ডের দুরন্ত মারই শেষ পর্যন্ত জিতিয়ে দেয় আর্জেন্টাইনকে।
ম্যাচ জয়ের পর পরই পোত্রোর হাত থেকে র্যাকেট পড়ে যায়, শুয়ে পড়েন কোর্টে। পা দুটো ছড়িয়ে দেন দু'দিকে, ছড়িয়ে দেন হাত দুটিও। এক্স আকৃতির পোত্রোর দু' চোখে তখন আনন্দের জল।
২০ বছরের পোত্রো দর্শকদের বলেন, "এ সপ্তাহে আমার দু'টি স্বপ্ন ছিল। তার একটি ইউএস ওপেন জেতা এবং অন্যটি রজারের মতো হওয়া।"
ফেদেরারকে হটিয়ে দেওয়া ষষ্ঠ বাছাই পোত্রো থেমে থাকেন না, বলেই চলেন, "আমার একটি স্বপ্ন পূরণ হয়েছে। তবে আপনার মতো (ফেদেরার) হতে আমাকে আরও অনেক উন্নতি করতে হবে। আপনি শেষ পয়েন্ট পর্যন্ত লড়াই করেছেন। আপনি সত্যিই 'গ্রেট'। এই খেলার কথা আমার সারা জীবন মনে থাকবে।"
ক্যারিয়ারের ১৬ নম্বর গ্র্যান্ড স্লাম জিততে না পারা সুইস রজার ফেদেরার বলেন, "টুর্নামেন্টটা দারুণ ছিল আমার জন্য। তবে ও (পোত্রো) ছিল টুর্নামেন্টের সেরা।"
১৯৭৭ সালের গুইলেরমো ভিয়ার পর এই প্রথম কোনও দক্ষিণ আমেরিকান ইউএস ওপেন জিতলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২০০০ ঘ.
bdnews24