২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমেকার হ্যাটট্রিকে মোহামেডানের বড় জয়

মোহামেডান কাছে ৭-১ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। খবরটা শোনার পর অনেকেই আঁতকে উঠতে পারেন। অথচ বাস্তবতা সেটাই। ফেডারেশন কাপে কোনোভাবেই মোহামেডানের গোল অত্যাচার থেকে রেহাই পায়নি ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাদেরকে নিয়ে রীতিমতো ছেলে খেলাই করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 06:00 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহামেডান কাছে ৭-১ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন। খবরটা শোনার পর অনেকেই আঁতকে উঠতে পারেন। অথচ বাস্তবতা সেটাই। ফেডারেশন কাপে কোনোভাবেই মোহামেডানের গোল অত্যাচার থেকে রেহাই পায়নি ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাদেরকে নিয়ে রীতিমতো ছেলে খেলাই করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ আগে গোল করেছিল ব্রাদার্স ইউনিয়নই। নবম মিনিটে মুরাদ আহমেদ মিলনের সেই গোলটিই আশার আলো দেখাতে পারতো। কিন্তু হয়েছে উল্টো। সাদাকালো শিবিরের আক্রমনে পিষ্ট হয়ে একের পর এক গোল হজম করতে হয়েছে তাদের। গোল শোধ দিতে মোহামেডানের সময় লেগেছে ১০ মিনিট। জাহিদ হাসান এমেলী সমতা আনার পরই ব্যবধান বাড়ান আকেক জাহিদ। জাতীয় দলের তারকা ফুটবলারে ভরপুর ঢাকা মোহামেডান ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। একই ছন্দে ফুটবল খেলে নাকাল করে তোলে ব্রাদার্সের খেলোয়াড়দের। বিরতিতে যাওয়ার আগে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা দলের ব্যবধান বাড়িয়ে নেন ৩-০ তে। দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিট আরো অগোছালো ফুটবল খেলে হতাশা বাড়িয়ে তোলে ব্রাদার্স। রক্ষণভাগ থেকে আক্রমন -- কোন জায়গাতেই পরিকল্পিত ফুটবল খেলতে পারেনি তারা। এমনকি প্রতিপক্ষকে আটকাতে নেতিবাচক ফুটবল খেলার যে প্রচলন সেই পথও মাড়ায়নি তারা। ছন্নছাড়া এই দলের বিপক্ষে বিরতির পর গোল পাওয়া আরো সহজ হয়ে যায় মোহামেডানের। ৫৪ এবং ৮৮ মিনিটে দু'টি গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন এমেকা। বাকি গোল দু'টি করেন কবির রানা ও বুকোলা। টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ফেডারেশন কাপে দাপটের সঙ্গেই এগিয়ে যাচ্ছে ঢাকা মোহামেডান। নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্সের এটি প্রথম হার। বনানী আর্মি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে বিকেএসপিকে আরো বড় ব্যবধানে হারিয়েছে 'বি' লিগের নবাগত দল ফেনী সকার ক্লাব। তারা জিতেছে ৭-০ গোলে। হ্যাট্রিক করেছেন আনোয়ার হোসেন ও মোমেন খান রাজু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২৪০৭ ঘ