নিউইয়র্ক, সেপ্টেম্বর ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক কাঁখে শিরোপা আর এক কাঁখে মেয়ে জাডা। এভাবেই রোববার ইউএস ওপেন জিতে ক্যামেরার সামনে দাঁড়ালেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। বছর দুয়েক অবসর কাটিয়ে কিছুদিন হলো আবারও টেনিসে ফিরেছেন তিনি। ফিরেই এত বড় সাফল্য!
তবে এদিন ক্লাইস্টার্সের কোলে চড়া ১৮ মাস বয়সী কোকড়া কোকড়া সোনালি চুলের জাডাই সব মনোযোগ কেড়ে নিলেন আর্থার অ্যাশ স্টেডিয়ামের। ফ্লাশিং মিডোর দিনটি ছিল অন্য যে কোনও দিনের চেয়ে যেন অন্যরকম।
আর হবে নাই বা কেন? সেই ১৯৮০ সালে ইভোনি গুলাগংয়ের পর এই প্রথম বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স মা হিসাবে কোনও গ্র্যান্ড স্লামের শিরোপা জিতলেন। ডেনিশ টিনেজার ক্যারোলিন ওজনিয়াকিকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ক্লাইস্টার্স নিজেই যেন রূপকথার গল্প বনে গেলেন।
"আমরা ওর (জাডা) ঘুমের সময়টা একটু পিছিয়ে দিতে চেয়েছিলাম যাতে এ সময়টায় ও এখানে থাকতে পারে। মা হওয়াটা পৃথিবীর শ্রেষ্ঠতম অনুভূতি।" চিকচিকে জলভরা চোখে ক্লাইস্টার্স যখন এসব বলছিলেন তখন আর্থার অ্যাশ স্টেডিয়ামের দর্শকরা তাঁর জন্য আনন্দধ্বনি দিচ্ছে।
প্রথম কোনও ডেনিশ নারী হিসাবে গ্র্যান্ড স্লাম জয়ের চেষ্টা করা ওজনিয়াকি বলেন," ও আজ সত্যিই দারুণ খেলেছে, শিরোপাটি তারই প্রাপ্য ছিল।"
দু বছর আগে বিশ্ব র্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর ক্লাইস্টার্স টেনিস কোর্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। মনোযোগ দিয়েছিলেন ঘর সংসারে। এ সময়ের মধ্যেই তার কন্যা জাডা জন্মায়। জাডা একটু বড় হওয়ার পরই ক্লাইস্টার্স নতুন করে সিদ্ধান্ত নেন কোর্টে ফেরার।
মাত্র ৩৫ দিন আগেই সে সিদ্ধান্তকে বাস্তব করে কোর্টে ফিরেন তিনি। আর ৩৫ দিন পর তার হাতে দ্বিতীয়বারের মতো শোভা পাচ্ছে ইউএস ওপেনের শিরোপা।
ফিরে আসার এমন একটি দারুণ ঘটনা পুরুষ বিভাগের এক নম্বর রজার ফেদেরারকেও ছুঁয়ে গেছে। নোভাক দোকোভিচকে ৭-৬, ৭-৫, ৭-৫ গেমে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে ওঠা নতুন বাবা ফেদেরার বলেন,"বিস্ময়কর। তার জন্য এমন একটি অবিশ্বাস্য দৌড় দুর্দান্ত বৈকি। প্রমীলা টেনিসের জন্যও এটা একটা দারুণ গল্প, এটা নিশ্চিত।"
সোমবার ফাইনালে জিততে পারলে টানা ছয়বারের মতো ইউএস ওপেনের শিরোপা জিতে রেকর্ড গড়বেন ফেদেরার। আন্দ্রে আগাসিদের মতো নতুন বাবা হিসাবেও শিরোপা জয়ের নজির রাখবেন তিনি।
এক্ষেত্রে ফেদেরারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন ২০ বছরের আর্জেন্টাইন হুয়ান দেল পোত্রো। যিনি সেমিফাইনালে স্প্যানিশ রাফায়েল নাদালকে ৬-২, ৬-২, ৬-২ গেমে রীতিমতো উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছেন। অথচ আর্থার অ্যাশ স্টেডিয়ামের গ্যালারিভরা দর্শকদের ভাবনায় ছিল ফেদেরার-নাদাল আরেকটি ধুন্ধুমার ফাইনাল।
ম্যাচ শেষে দর্শকদের মনের কথাটি যখন পোত্রোকে জানানো হলো তখন সুরসিক পোত্রো বলতে ছাড়লেন না," এজন্য আমি দুঃখিত।"
বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২০৩৭ ঘ.
bdnews24