২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে দশ হাজার ডলার জরিমানা গুনলেন সেরেনা

শুধু পয়েন্ট খুইয়েই পার পাননি সেরেনা উইলিয়ামস। লাইনওম্যানের সঙ্গে বাজে ব্যবহার করার শাস্তি হিসেবে তাকে গুনতে হচ্ছে আক্কেলসেলামিও এবং সেটার অঙ্কও খুব একটা কম নয়। বরং প্রমীলা টেনিসের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের টাকাটাই গুনতে হচ্ছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শুধু পয়েন্ট খুইয়েই পার পাননি সেরেনা উইলিয়ামস। লাইনওম্যানের সঙ্গে বাজে ব্যবহার করার শাস্তি হিসেবে তাকে গুনতে হচ্ছে আক্কেলসেলামিও এবং সেটার অঙ্কও খুব একটা কম নয়। বরং প্রমীলা টেনিসের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের টাকাটাই গুনতে হচ্ছে তাকে। আমেরিকান টেনিস তারকা সেরেনাকে সাড়ে দশ হাজার ডলারের জরিমানা গুনতে হচ্ছে বলে জানিয়েছে ইউএস ওপেনের কর্মকর্তারা। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের তথ্য মতে, ১৯৯০ সাল থেকে প্রমীলা টেনিসে জরিমানার রীতি শুরু হওয়ার পর এটাই সবচেয়ে বড় জরিমানার ঘটনা। টুর্নামেন্ট রেফারি এক বিবৃতিতে বলেন,"প্রমীলা বিভাগের সেমিফাইনাল চলাকালে সেরেনা উইলিয়ামসের অখেলোয়াড়সুলভ আচরণের জন্য সর্বোচ্চ দশ হাজার ডলারের জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, ওই একই ম্যাচের প্রথম সেটে র‌্যাকেট ভাঙ্গার জন্য মিস সেরেনাকে আরও ৫শ' ডলারের জরিমানা করা হয়েছে।" ৪-৬, ৫-৬ (১৫-৩০) সেটে পিছিয়ে থাকার সময় সেরেনা তার প্রথম সার্ভটি ভুল করার পর দ্বিতীয় বারের মতো সার্ভ করেন। কিন্তু বেসলাইনের পিছনে বসে থাকা লাইনওম্যান আঙ্গুল তুলে জানান, সেরেনার পা দাগের মধ্যে ছিল। এর মানে দাঁড়ায় সেরেনা ডাবল ফল্ট করেছেন এবং একটি পয়েন্ট হারিয়েছেন। লাইনওম্যানের এমন সিদ্ধান্তে রেগে মেগে অস্থির হয়ে যান সেরেনা। তিনি র‌্যাকেট হাতে তেড়ে যান তার দিকে এবং বলেন,"এই বল তোমার গলা দিয়ে ঢুকিয়ে দেব। শুনতে পাচ্ছো...ঈশ্বরের দোহাই এই বল আমি তোমার গলা দিয়ে দেব।" এ ঘটনার আগে র‌্যাকেট ভেঙ্গে প্রথম অপরাধ করে ফেলায় দ্বিতীয় অপরাধের জন্য আপনাআপনিই সেরেনার এক পয়েন্ট কাটা যায়। ফলে ক্লাইস্টার্স ৬-৪, ৭-৫ সেটে ম্যাচ জিতে ফাইনালে ওঠেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২০১৫ ঘ.