ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোল উৎসব এতটা একতরফা হবে শেখ রাসেল ক্রীড়া চক্রই হয়তো ভাবতে পারেনি। প্রতিপক্ষ সেনা বাহিনীর জালে একে একে আটবার বল পাঠিয়ে রীতিমত উৎসবে মেতেছিল তারা। শনিবার হঠাৎ খেলতে নেমে কোন কিছু বুঝে ওঠার আগেই নাকাল হয় সেনা বাহিনী।
সিটিসেল ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে সেনা বাহিনীর দৌঁড় যে শিগগিরই থেমে যাবে বলাই বাহুল্য। বিশাল জয় নিয়ে টুর্নামেন্টে অপ্রতিরোধ্য হয়ে ওঠারই ইঙ্গিত দিচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র। মোহাম্মদ রনির চার গোল, বিদেশি মোহাম্মদ আব্দুলাই'র দু'টি আর নুরুল আফসার ও রাজন মিয়া একটি করে গোল করেন। সেনা বাহিনীর এক মাত্র গোলটি করেছেন রাশেদুল হাসান সানি।
রনি চার গোল করলেও উৎসবের শুরুটা কিন্তু বিদেশি খেলোয়াড়ই করেছেন। খেলার ১৫ মিনিটে প্রথম গোল করে প্রতিপক্ষের মনোবল ভেঙ্গে দিতে অগ্রণী ভূমিকা রাখেন আব্দুলাই। এরপর ব্যবধান বাড়ান নুরুল আফসার ৩২ মিনিটে। প্রথমার্ধের শেষ মিনিটে নিজের উদ্বোধনী গোল পান রনি। বিরতির পরই শুরু হয় তার গোল মিশন। ৮০ মিনিট পর্যন্ত শুধু গোল নিয়েই মেতেছিল শেখ রাসেল। বাকি ১০ মিনিট বল নিয়ন্ত্রণে রাখার অনুশীলন করেছে সেনা বাহিনীর বিপক্ষে।
একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে দেখা গেলো উল্টো চিত্র। সিলেট বিয়ানীবাজার এসসি আর ফরাশগঞ্জ এসসির খেলা শেষ হয়েছে ১-০ গোলে। জিতেছে টুর্নামেন্টে নবাগত সিলেট বিয়ানীবাজার এসসি। ৭২ মিনিটে মোহাম্মদ ইয়ামিন সোমা একমাত্র গোলটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১২৫ ঘ.
bdnews24