২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিই খেলছে ইউএস ওপেনে

গত দু'দিন ধরে টেনিস খেলোয়াড়রা নন, বৃষ্টিই খেলছে ইউএস ওপেনে। শুক্রবারও কোনও ম্যাচ হয়নি। ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইউএস ওপেন পিছিয়ে দিয়ে সোমবার শেষ করতে হচ্ছে। তাও বৃষ্টি যদি বাগড়া না দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গত দু'দিন ধরে টেনিস খেলোয়াড়রা নন, বৃষ্টিই খেলছে ইউএস ওপেনে। শুক্রবারও কোনও ম্যাচ হয়নি। ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইউএস ওপেন পিছিয়ে দিয়ে সোমবার শেষ করতে হচ্ছে। তাও বৃষ্টি যদি বাগড়া না দেয়। অথচ বছরের শেষ গ্র্যান্ড স্লামের শুরুটা বেশ ভালোই হয়েছিল। টানা দশদিন আবহাওয়া ছিল চমৎকার। একাদশতম দিন থেকেই শুরু হয় বৃষ্টি। আয়োজকরাও পাল্টাতে বাধ্য হন খেলার সময় সূচি। শুক্রবারের খেলা ভেসে যাওয়া প্রসঙ্গে চারবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন সাবেক টেনিস তারকা জন ম্যাকেনরো রয়টার্সকে বলেন, সম্ভবত আজকের দিনটাই সবচেয়ে খারাপ। বর্তমানে টিভি ভাষ্যকার হিসেবে কাজ করছেন ম্যাকেনরো। আগের দিন বৃহস্পতিবারও বৃষ্টির জন্য স্পেনিশ রাফায়েল নাদাল ও চিলির ফার্নান্দো গোঞ্জালেসের মধ্যে কোয়ার্টার ফাইনাল অসমাপ্ত রাখতে হয়েছিল। খেলা শুরুর কথা ছিল শুক্রবার। কিন্তু পুরোদিন বৃষ্টি হওয়ায় ম্যাচটি শেষ করার কথা শনিবার। এই ম্যাচে যিনি জিতবেন তিনিই সেমিফাইনালে মোকাবেলা করবেন আর্জেন্টাইন হুয়ান দেল পোত্রোকে। নাদাল-গোঞ্জালেস ম্যাচের পরপরই হবে পুরুষ দ্বৈতের ফাইনাল। ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ও ইয়ানিনা উইকমেয়ারের মধ্যে প্রমীলা এককের সেমিফাইনালও হবে নাদাল-গোঞ্জালেস ম্যাচের পর। তবে রোববার ও সোমবারও বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দিতে পারছে না টুর্নামেন্ট কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৯৪৪ ঘ.