২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমেলী-বোকলার জোড়া গোলে মোহামেডানের বড় জয়

খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই বৃষ্টি ভেজা মাঠে ভারি হয়ে ওঠে বল। ছন্দ পতন ঘটে স্বাভাবিক খেলায়। কৌশলী দল হিসেবে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফেবারিট মোহামেডানই। ধীরে ধীরে পিছিয়ে পড়ে 'বি' লিগে নবাগত ফেনী সকার ক্লাব। ফেডারেশন কাপের উদ্বোধনী খেলায় তাদের ভাগ্যে জোটে ৪-০ গোলে হার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলা শুরুর কয়েক মিনিটের মধ্যেই বৃষ্টি ভেজা মাঠে ভারি হয়ে ওঠে বল। ছন্দ পতন ঘটে স্বাভাবিক খেলায়। কৌশলী দল হিসেবে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফেবারিট মোহামেডানই। ধীরে ধীরে পিছিয়ে পড়ে 'বি' লিগে নবাগত ফেনী সকার ক্লাব। ফেডারেশন কাপের উদ্বোধনী খেলায় তাদের ভাগ্যে জোটে ৪-০ গোলে হার। পরাজয়ের ব্যবধান বড় হলেও খেলার প্রথম ৩০ মিনিট কিন্তু গোল শূন্যই ছিল। নবাগত দল হিসেবে ফেনী সকার ক্লাব একেবারে মন্দ খেলেনি। বরং গোছানো আক্রমণের চেষ্টা ছিল বেশিরভাগ সময়। ফরোয়ার্ডদের অদক্ষতায় পরিকল্পিত আক্রমণের সবগুলোই ভেস্তে গেছে প্রতিপক্ষের ডি বক্সে পৌঁছানোর আগেই। পরের গল্প পুরোটাই মোহামেডানের। জয়ের জন্য সব ধরনের কৌশলেই কাজে লাগাতে চেষ্টা করেছে সাদা-কালো শিবির। ৩১ মিনিটি প্রথম গোল পায়। জাহিদের বাড়িয়ে দেয়া বল বোকলার (বিদেশি) পা হয়ে জালে গিয়ে আশ্রয় নেয়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির পর টানা আক্রমণ করে যেতে থাকে মোহামেডান। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ান জাহিদ হোসেন এমেলী। ডান প্রান্ত থেকে মাঝ মাঠের খেলোয়াড় জাহিদ হোসেনের ক্রস গোলে পরিণত করতে কোন বেগ পেতে হয়নি জাতীয় দলের ফরোয়ার্ড এমেলীর। এর ১০ মিনিটের মধ্যে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন এই মুহূর্তে দেশ সেরা ফরোয়ার্ড। ঠিক পাঁচ মিনিট পর আবারও জালে পাঠান বল। দর্শকরা মনে করেছিলেন হ্যাট্রিক করেই বসলেন তিনি। কন্তু সহকারী রেফারির ইশারায় গোল বাতিল করেন রেফারি তৈয়ব হাসান। তার আগেই আরও একটি গোল হজম করতে হয় ফেনী সকার ক্লাবকে। অধিনায়ক আরমান আজিজের বাড়ানো বল বাঁ প্রান্ত দিয়ে একক চেষ্টায় ম্যাচের সেরা গোলটি করেন বোকলা। ফাঁকা গ্যালারিতেও সমর্থকদের করতালির প্রতিধ্বনি কিছুটা হলেও স্বীকৃতি পেয়েছে তার এই দর্শনীয় গোলটি। ১১ জন মাঠে খেললেও উদ্বোধনী ম্যাচটা এমেলী আর বোকলার জন্য যেমন আনন্দের, তেমনি মোহামেডানের জন্যও স্বস্তির। কারণ তাদের প্রধান দুই ফরোয়ার্ড উদ্বোধনী ম্যাচেই গোল পেয়েছে। ম্যাচ শেষে তৃপ্তির হাসি ফুটে ওঠে জাহিদ হাসান এমেলীর কথায়, "মৌসুমের প্রথম ম্যাচে আমরা ভালই খেলেছি। শুকনো মাঠ পেলে আরো ভাল খেলতে পারতাম। তবে ফলাফল নিয়ে আমরা খুশি।" অন্যদিকে পরাজয়ে হতাশায় ভেঙে পরেননি ফেনী সকার ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা। বরং অভিষেকে দল ভাল খেলেছে বলেই মনে করেন কোচ মিলন মোল্লা। বলেন, "আমরা খারাপ খেলিনি। পরের ম্যাচগুলোতে আরও ভাল খেলবো।" দিনের অন্য ম্যাচে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে হারিয়েছে বিকেএসপিকে। প্রথমার্ধে মামুনের গোলে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান মিলন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২০২ ঘ.