২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার প্যারাগুয়ের কাছে হারল আর্জেন্টিনা

বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় ব্রাজিলের পর প্যারাগুয়ের কাছেও হারল আর্জেন্টিনা। ফলে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে ম্যারাডোনার দলের খেলায় অনিশ্চয়তা বাড়ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2009, 05:04 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় ব্রাজিলের পর প্যারাগুয়ের কাছেও হারল আর্জেন্টিনা। ফলে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে ম্যারাডোনার দলের খেলায় অনিশ্চয়তা বাড়ল। আর্জেন্টিনা হারলেও বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করা ব্রাজিল জিতেছে চিলির বিপক্ষে। অন্যদিকে ইউরোপের বাছাই পর্বে বুলগেরিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর অনেকটাই সুগম করেছে বিশ্ব চ্যাম্পিয়ান ইতালি। ক্রোয়েশিয়াকে ৫-০ গোলে উড়িয়ে মূল পর্বে পৌঁছে গেছে ইংল্যান্ড। ইউরোপ থেকে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে নেদারল্যান্ডও। বুধবার রাতে নিজেদের মাঠ আসুনসিয়নে আর্জেন্টিনার বিপক্ষে দাপটের সঙ্গেই খেলে প্যারাগুয়ে। খেলার ২৭ মিনিটে নেলসন হেইদোর গোল হতাশায় ডোবায় ম্যারাডোনা তথা গোটা আর্জেন্টিনাকে। খেলার একমাত্র গোল প্যারাগুয়েকে চতুর্থ বারের মতো বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে দিয়েছে। অপরদিকে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার ছিটকে পড়ার শঙ্কা আরও বাড়িয়েছে। এবার আর্জেন্টিনার চূড়ান্ত পর্বে যাওয়ার মানে ১৯৯৪ সালের পর ম্যারাডোনাকে আবার বিশ্বকাপে দেখা। কারণ এ ফুটবল কিংবদন্তী এখন ওই দলের কোচ। দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে এখন ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। এ অঞ্চল থেকে চারটি দল সরাসরি মূল পর্বে খেলবে। পঞ্চম স্থানে থাকা দলটিকে কনফাকাপ অঞ্চলের দলের খেলে বাছাই পর্বের বৈতরণী পার হতে হবে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ব্রাজিল। বৃহস্পতিবার চিলিকে ৪-২ গোলে হারানোর পর তাদের পয়েন্ট এখন ৩৩। ৩০ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে দ্বিতীয়, ২৭ পয়েন্ট নিয়ে চিলি তৃতীয় ও ২৩ পয়েন্ট নিয়ে ইকুয়েডর চতুর্থ স্থানে আছে। পঞ্চম স্থানে থাকা আর্জেন্টিনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ২১ পয়েন্ট পাওয়া উরুগুয়ে ও ভেনেজুয়েলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১১১ ঘ.