২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে ক্লাইস্টার্সের সামনে সেরেনা

দু'বছর পর কোর্টে ফিরেই ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। নতুন মা হওয়া ক্লাইস্টার্সকে সেমিফাইনালে সামলাতে হবে আমেরিকান সেরেনা উইলিয়ামসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 12:02 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দু'বছর পর কোর্টে ফিরেই ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। নতুন মা হওয়া ক্লাইস্টার্সকে সেমিফাইনালে সামলাতে হবে আমেরিকান সেরেনা উইলিয়ামসকে। পুরুষ বিভাগে হার মেনে মঙ্গলবার বিদায় নিয়েছেন গতবারের রানারআপ অ্যান্ডি মারে। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্কটিশ মারে এবার শিরোপা জিততে পারেন বলে ধারণা করা হলেও চতুর্থ রাউন্ডই টপকাতে পারেননি তিনি। ক্রোয়েশিয়ার ম্যারিন সিলিচের কাছে ৭-৫, ৬-২, ৬-২ গেমে হেরে গেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে সিলিচকে এখন মোকাবিলা করতে হবে ২০ বছরের আরেক উঠতি তারকা আর্জেন্টাইন হুয়ান দেল পোত্রোকে। ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে স্পেনিশ হুয়ান কার্লোস ফেরেরোকে হারান পেত্রো। তবে ফেরেরোর স্বদেশি রাফায়েল নাদাল প্রথম সেটে হেরে গেলেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন ৬-৭, ৬-৩, ৬-১, ৬-৩ গেমে, ফরাসি গায়েল মনফিলসের বিপক্ষে। উইনিং শটের পরপরই কোর্টে নেমে আসেন নাদালের এক অন্ধ ভক্ত। তিনি নাদালকে জড়িয়ে ধরে চুমু খান। এতে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন নাদাল। অবশ্য এতে তিনি কিছু মনে করেননি। এ প্রসঙ্গে র‌্যাংকিং-এ সাবেক শীর্ষ খেলোয়াড় নাদাল বলেন, "এটা আমার জন্য কোনও সমস্যা নয়। ছেলেটি সত্যিই চমৎকার। তিনি নিঃসন্দেহে আমার দারুণ ভক্ত। আমাকে জড়িয়ে ধরে বললেন, আই লাভ ইউ। তারপরই চুমু খেলেন।" তবে বেলজিয়ামের ক্লাইস্টার্স, যার ব্যাগের ভেতর র‌্যাকেটের চেয়ে খেলনার সংখ্যা বেশি, একের পর এক ম্যাচ জিতে শিরোপার বেশ কাছাকাছি পৌঁছে গেছেন। চীনের লি নাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেন তিনি। অবাছাই ক্লাইস্টার্সের সেমির প্রতিপক্ষ আমেরিকান সেরেনা উইলিয়ামস ইতালির ফ্লাভিয়া পেনেত্তাকে ৬-৪, ৬-৩ গেমে হারান। ক্লাইস্টার্স সম্পর্কে সেরেনা বলেন, "তিনি একজন দারুণ মহিলা। আমি তার সাফল্য কামনা করি সব সময়। তবে অবশ্যই সেমিফাইনালের জন্য নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৮৪৫ ঘ.