ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল অ্যাকাডেমির জন্য বিকেএসপির সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি শেষ পর্যন্ত পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিকেএসপির কাছ থেকে লিজ নিয়ে সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটিতে অ্যাকাডেমি বানাতে পারবে বাফুফে।
বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী মঙ্গলবার বললেন,"শর্ত সাপেক্ষে বিকেএসপির সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের কিছু অংশ আমরা ব্যবহার করতে পারবো। এ জন্য বিকেএসপিকে টাকাও দিতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয় মঙ্গলবার এক চির্ঠিতে এ তথ্য জানিয়েছে।"
ফুটবল অ্যাকাডেমির জন্য সিলেট বিকেএসপির ২০টি কক্ষ বরাদ্দ দেয়া হবে বাফুফেকে, যার মধ্যে দু'টি কক্ষ ব্যবহার করতে পারবেন প্রশিক্ষক ও কর্মকর্তারা, বাকি ১৮টি কক্ষ থাকবে প্রশিক্ষণার্থীদের জন্য।
নিঃশর্তে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি বরাদ্দ না দেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাফুফে সাধারণ সম্পাদক বলেন,"মন্ত্রণালয় জানিয়েছে বিকেএসপি সায়ত্বশাসিত প্রতিষ্ঠান হওয়ায় ক্রীড়া মন্ত্রনালয় অন্য কোনো প্রতিষ্ঠানকে বরাদ্দ দিতে পারবে না। কেবল বিকেএসপি চাইলে নির্দিষ্ট ফি'র বিনিময়ে প্রশিক্ষণ সুবিধা পাওয়া সম্ভব।"
এদিকে বাফুফে জানিয়েছে, বিষয়টি নিয়ে শিগগিরই বিকেএসপির সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনায় বসবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২২৪৩ ঘ
bdnews24