লন্ডন, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- বিশ্বকাপ বাছাই পর্বে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার এবং ফ্রান্স মুখোমুখি হবে সার্বিয়ার। জিতলে ইংল্যান্ড ও সার্বিয়া মূলপর্বের টিকিট পেয়ে যাবে।
ইউরোপ অঞ্চল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে শুধু নেদারল্যান্ডস। তবে ১৯৯৮-এর চ্যাম্পিয়ন ফ্রান্স এবং ১৯৬৬-র চ্যাম্পিয়ন ইংল্যান্ডের লড়াই এখনো চলছে। ২০০৬ সালের বিশ্বকাপে একসঙ্গে অংশ নিয়েছিল মন্টেনিগ্রো ও সার্বিয়া। বিশ্বকাপ চলার সময়ই মন্টেনিগ্রো থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা জাতি হিসেবে আত্মপ্রকাশ করে সার্বিয়া। এবার তাদের ইতিহাস গড়ার পালা। ফ্রান্সকে হারালেই স্বতন্ত্র পরিচয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে তারা।
৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সার্বিয়া এখন ইউরোপ অঞ্চলের গ্র"প সাতের শীর্ষে। দেশের মাটিতে আত্মবিশ্বাসে ভরপুর সার্বিয়ার সামনে নড়বড়ে ফ্রান্স কেমন খেলবে সেটাই এখন দেখার বিষয়। ১৯৯৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ২০০৬-এর রানার্সআপ ফ্রান্স ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। বুধবার হেরে গেলে তাদের বিশ্বকাপে খেলার সমীকরণটা কঠিন হয়ে যাবে।
গ্র"প ৬-এ দুর্দান্তভাবে এগিয়ে চলেছে ইংল্যান্ড। তাদের জয়রথ থামছেই না। সাত ম্যাচের সবগুলোয় জেতায় ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে বুধবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ৮ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।
ঊুধবার জিতলে শুধু বিশ্বকাপের মূলপর্বে যাওয়াই নিশ্চিত করবে না, সেইসঙ্গে প্রতিশোধও নেয়া হয়ে যাবে ইংল্যান্ডের। দু বছর আগে ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার কাছে ৩-২ গোলে হেরে ইউরো ২০০৮ থেকে ছিটকে গিয়েছিল তারা। জয় দিয়ে তারা সেই দুঃস্মৃতি ভুলতে চাইবে সেটাই তো স্বাভাবিক।
অবশ্য প্রতিশোধ একবার নিয়েছে ইংল্যান্ড। ২০০৮ এর অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। কিন্তু তাতেও যেন প্রতিশোধের আগুন পুরোপুরি নেভেনি। শনিবার ইংল্যান্ড মিডফিল্ডার স্টিভেন জেরার্ড তাই বললেন, " দু বছর আগের সেই পরাজয়ের (ক্রোয়েশিয়ার বিপক্ষে) কষ্টটা এখনো ভুলতে পারিনি। সেই কষ্ট নিয়েই বুধবার মাঠে নামবো আমরা।"
বুধবার বিশ্বকাপ বাছাই পর্বের অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে স্পেন-এস্তোনিয়া, পর্তুগাল-হাঙ্গেরী, জার্মানী-আজারবাইজান, ইতালি-আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড-নেদারল্যান্ডস। এর মধ্যে নেদারল্যান্ডস ইতিমধ্যেই ইউরোপের প্রথম দেশ হিসেবে মূল পর্বের টিকিট কেটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/ ২১৪০ ঘ
bdnews24