রোজারিও, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - খেলা খেলাই। আক্ষরিক অর্থেই এখানে যুদ্ধের কোন কিছুই নেই। তারপরও আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচকে অন্য চোখে দেখেন ফুটবলামোদীরা। কম যান না ফুটবলাররাও। ব্রাজিলের অধিনায়ক ক্যাপ্রিও লুসিও তো ম্যাচটিকে তুলনা করে বসলেন যুদ্ধের সঙ্গে।
লুসিও এক সংবাদ সম্মেলনে বলেন, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই যুদ্ধ। তিনি একে একটি বিশেষ ম্যাচ বলেও অভিহিত করেন।
তিনি তার মন্তব্যের সমর্থনে যুক্তি দিতে গিয়ে বলেন, যুদ্ধের মতোই খেলায় অহেতুক শক্তি প্রয়োগ করা হয়। ফাউলও করা হয় যখন-তখন, প্রয়োজন ছাড়াই।
তবে জেতার জন্য মাঠে মাথা ঠান্ডা রাখা একান্ত প্রয়োজন। সেই সঙ্গে এগারোজন মিলে ভারসাম্যপূর্ণ ফুটবলা খেলা দরকার বলে মনে করেন তিনি।
লুসিও বলেন, এই ম্যাচে চাপ থাকবেই। তবে তা কাটানোর জন্য প্রত্যেককে মানসিকভাবে প্রস্তুত থাকা দরকার।
শুধু ব্রাজিলের নয়, আর্জেন্টিনার কোচ সর্ম্পকেও তার কন্ঠে রয়েছে শ্রদ্ধা, কার্লোস ডুঙ্গা তিন বছর ধরে ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করছেন। কোপা আমেরিকা জিতেছেন। জিতেছেন কনফেডারেশন্স কাপও।
আর্জেন্টিনার কোচ ম্যারাডোনা সম্পর্কে তিনি বলেন, "কোচ হিসেবে ম্যারাডোনা কেবল যাত্রা শুরু করেছেন। গুছিয়ে উঠতে একটু সময় লাগবেই। আমার মনে হয় তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। খেলোয়াড় হিসেবে তিনি যে সাফল্য অর্জন করেছেন, কোচ হিসেবেও তিনি তেমন সাফল্যই অর্জন করবেন।"
লুসিওর নেতৃত্বে গত দু'বছরে ব্রাজিল কোপা আমেরিকা ও কনফেডারেশন্স কাপ জিতেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৪০ ঘ.
bdnews24