নিউইয়র্ক, সেপ্টেম্বর ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোমবার থেকে শুরু হওয়া ইউ এস ওপেনে ভালোই শুরু করেছেন দুই নতুন বাবা মা রজার ফেদেরার এবং কিম ক্লাইস্টার্স।
সদ্য বাবা হওয়া দুই কন্যার জনক বিশ্বে র্যাঙ্কিংয়ের এক নম্বর রজার ফেদেরার ডেব্যুটেন্ট মার্কিনী ডেভিন ব্রিটনকে উড়িয়ে দিয়েছেন ৬-১, ৬-৩, ৭-৫ সেটে। তবে খেলার মধ্যেই ফেদেরারকে ৮৮ মিনিটের একটি ছুটি নিতে হয়, কন্যাদের ন্যাপি পাল্টে দেওয়ার দায়িত্বটি সারতে।
অন্যদিকে, ক্লাইস্টার্স ২০০৭ সালের অস্ট্রেলিয়া ওপেনের পর কোনও গ্র্যান্ড স্লামে অংশ নেননি। বছর দুয়েকের বেশি সময় অবসরে থাকা ক্লাইস্টার্স এ সময় তার একমাত্র কন্যার জন্ম দেন। অবসর কাটিয়ে খেলতে নামা ক্লাইস্টার্সকে মনেই হয়নি এতদিন পর তিনি প্রথমবারের মতো কোনও গ্র্যান্ড স্লামে নেমেছেন। ২১ বছরের ইউক্রেনিয়ান ভিক্টোরিয়া কুতুজোভাকে তিনিও রীতিমতো উড়িয়ে দেন ৬-১, ৬-১ সেটে। সময় নেন মাত্র ৫৮ মিনিট।
এদিকে অন্য এক ম্যাচে ইউএস ওপেনের প্রমীলা বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন আমেরিকান সেরেনা উইলিয়ামস সহজে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠলেও তার বড় বোন ভেনাসকে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে।
সেরেনা স্বদেশি আলেক্সা গ্ল্যাচকে ৬-৪, ৬-১ সেটে হারান। অন্যদিকে ভেনাস জয় পান রুশ ভেলা দুশেভিনার বিরুদ্ধে ৬-৭, ৭-৫, ৬-৩ সেটে।
পুরুষ এককে এদিন মার্কিনী অ্যান্ডি রডিক হারিয়ে দেন জার্মানির বিয়র্ন ফোকে, ৬-১, ৬-৪, ৬-২ সেটে।
এদিকে, সানিয়া মির্জার পাশাপাশি পুরুষ এককে এই প্রথমবারের মতো কোনও ভারতীয় হিসাবে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সোমদেব। সানিয়া বেলারুশের মেয়ে ওলগা গোভোরতসোভাক ৬-২, ৩-৬, ৬-৩ সেটে এবং সোমদেব বর্মণ ৬-৩, ৬-৪, ৬-৩ সেটে ফেদেরিকো জিলকে হটিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন।
ম্যাচ শেষে তাই টেনিস গ্ল্যামার গার্ল সানিয়া উচ্ছ্বসিত হয়ে বলেন,"বহু দিন ধরে আমি একাই শুধু গ্র্যান্ড স্লামের মতো বড় আসরের সিঙ্গলসে ভারতের প্রতিনিধিত্ব করে চলছিলাম। তাই এটা দারুণ ব্যাপার যে সোমদেবও খুব ভালো খেলছে। আমি সত্যিই খুব খুশি যে আমরা দুজন ভারতীয় একই গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডে খেলছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসকে/২৩২৬ঘ.
bdnews24