ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলে তারকা ফুটবলার নেই। বিদেশী ফুটবলারও নেই। সার্বিক বিবেচনায় বলতে হয় সাধারণ মানের দলই বানিয়েছে পেশাদর ফুটবল 'বি' লিগে নবাগত নারায়নগঞ্জ শুকতারা যুব সংঘ। কিন্তু ক্লাব কর্মকর্তারা রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে বলেন, 'বি' লিগে ঠিকই চমক দেখাবে তাদের দল।
কর্মকর্তাদের দাবির পেছনে যুক্তি তুলে ধরেন শুকতারার অধিনায়ক রেজাউল করিম লিটন। বলেন, "আমরা অনেক দিন এক সঙ্গে খেলছি। দলের সবাই স্থানীয় খেলোয়াড়। আমরা নিজেদের জন্য খেলবো। এলাকার জন্য খেলবো। এটাই হবে শুকতারার চালিকা শক্তি।"
নবাগত শুকতারার ১৮ ফুটবলারের মধ্যে ১৭ জনই নারায়নগঞ্জের। তাদের মধ্যে ১২ জনের পেশাদার লিগে খেলার অভিজ্ঞতা আছে। ৯ জন আবার এক সঙ্গে ক্লাব কাপ খেলে দলকে শিরোপা এনে দিয়েছেন।
শিরোপার স্বপ্ন নেই শুকতার যুব সংঘের কর্মকর্তাদের। নিজেদের প্রথম আসরে লক্ষ্য নির্ধারণ করেছে শীর্ষ আটে জায়গা করে নেওয়া। তাই এ মৌসুমে দু'টি দলকে রেলিগেশন করার সিদ্ধান্ত নেওয়া হলেও তা নিয়ে ভয় পাচ্ছেন না শুকতারা ক্লাবের কর্মকর্তারা, বরং একে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তারা।
দলে তারকা খেলোয়াড় না থাকার বিষয়ে সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বলেন, একটু দেরিতে 'বি' লিগের জন্য নির্বাচিত হওয়ায় বড় বাজেটের দল বানানো সম্ভব হচ্ছে না। তবে ভবিষ্যতে বড় দল বানানোর প্রতিশ্র"তি দিলেন তিনি।
শুকতারা যুব সংঘের খেলোয়াড়রা হলেন রাশেদ চৌধুরী, আল আমিন, শহীদুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ, কাওসার আহমেদ, বিপ্লব দাস, রবিন হাসান, মনির হোসেন, আবুল কাশেম, রেজাউল করিম লিটন, জাহিদুল হাসান ডালিম, শাহরিয়ার আব্দুল্লাহ রিন্টু, সুজন আহমেদ, হানিফ প্রধান, মোহাম্মদ উল্লাহ ডালিম, মোহাম্মদ সোহেল, মেহেদী হাসান তপু ও সাইফুল ইসলাম খোকন।
'বি' লিগে এদিন ৭ ফুটবলারের নাম নিবন্ধন করেছে রহমতগঞ্জ এমএফএস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৩৬ ঘ.
bdnews24